ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড. কামাল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- বৈরী আবহাওয়ায় বিমানের ২ ফ্লাইট বাতিল, ৩টির সময় পরিবর্তন-দৈনিক প্রথম আলো
- সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি: সেতুমন্ত্রী- দৈনিক কালেরকণ্ঠ
- ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড. কামাল-দৈনিক যুগান্তর
- সিরাজগঞ্জে সড়কে ঝরলো ৮ শ্রমিকের প্রাণ-দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে: ফখরুল-দৈনিক মানবজমিন
- ওআইসিকে শক্তিশালী করতে ইমরানের সঙ্গে আলাপ প্রধানমন্ত্রীর–দৈনিক ইনকিলাব
ভারতের খবর:
- সুষমার পথ ধরে দায়িত্ব হাতে পেয়েই টুইটারে সক্রিয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর!-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- বাগুইআটিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৯টি গাড়ি ও বাস -দৈনিক আজকাল
- মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা পোস্ট কার্ড পাঠানোর হুঁশিয়ারি অর্জুনের–দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
বৈরী আবহাওয়ায় বিমানের ২ ফ্লাইট বাতিল, ৩টির সময় পরিবর্তন-দৈনিক প্রথম আলো
বৈরী আবহাওয়ার কারণে আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেটগামী ও ফিরতি দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া বিমানের তিনটি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ আজ সকালে প্রথম আলোকে এই তথ্য জানান। বিমান সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে আজ ভোররাত সাড়ে চারটার সিলেটগামী বিজি ৪০৫ ও ফিরতি ৪০৬ ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে তিনটি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। এদিকে, বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে।
সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি : সেতুমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
এবারের ঈদযাত্রা হচ্ছে ইতিহাসের সবচেয়ে স্বস্তিদায়ক ঈদযাত্রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার নারায়ণগঞ্জের দ্বিতীয় মেঘনা সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কোনো যানজট কিংবা ভোগান্তি নেই। ঈদযাত্রায় ও ঈদকে ঘিরে সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সতর্ক আছি, থাকব এবং আমাদের বাহিনীর সদস্যরাও সর্বোচ্চ সতর্ক থাকবে। এ সময় সেতুমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যেসব অমীমাংসিত ইস্যু রয়েছে সেগুলো শিগগিরই মীমাংসা হবে বলে আমরা প্রত্যাশা করি।
ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি চাইলেন ড. কামাল-দৈনিক যুগান্তর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে গণফোরাম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঐক্যফন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বিএনপি চেয়ারপারসনের মুক্তি দাবি করেন। বিবৃতিতে তারা বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদ শুভেচ্ছা। দেশের সব সম্প্রদায়ের মানুষ সীমিত সাধ্যের মধ্যে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করে। এটাই আমাদের ঐতিহ্য, তা ভবিষ্যতেও বহমান থাকবে। ঈদের আগেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করছি। সঙ্গে সঙ্গে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুলিশি নির্যাতন বন্ধের আহ্বান জানাচ্ছি। যাতে সবাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।’
সিরাজগঞ্জে সড়কে ঝরলো ৮ শ্রমিকের প্রাণ-দৈনিক ইত্তেফাক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতরা সবাই লেগুনার যাত্রী। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত হন। ধারণা করা হচ্ছে, হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক। তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এর আগে আজ সকালে সুনামগঞ্জেও বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন। দুই জায়গা মিলে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেল।
বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে: ফখরুল-দৈনিক মানবজমিন
বাংলাদেশ এখন নতজানু রাষ্ট্র হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ন্যাশনাল রিসার্চ সেন্টার (এনআরসি) আয়োজিত ‘আঁধারের সাথে দ্বন্দ’ শীর্ষক স্মৃতি স্মারক ও দেয়ালিকা প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ স্বাধীনতা অর্জন করেছিলাম। এখন কি আমরা বাংলাদেশকে স্বাধীন বলতে পারবো? পারি না, কারণ বাংলাদেশ এখন নতজানু হয়ে গেছে। গণতন্ত্র অর্জন করেছিলাম ১৯৭৫ সালে নতুন করে ধ্বংস করে দেয়া হয়েছে। মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করে দেয়া হয়েছে। স্বাধীন বিচার বিভাগ কোথায়? কিচ্ছু নেই।
ওআইসিকে শক্তিশালী করতে ইমরানের সঙ্গে আলাপ প্রধানমন্ত্রীর–দৈনিক ইনকিলাব
গত শুক্রবার অনুষ্ঠিত ১৪তম ওআইসি সম্মেলনে প্রত্যেক সদস্য রাষ্ট্রের জন্য নির্দিষ্ট চেয়ার রাখা হয়। সম্মেলনে সাজানো চেয়ারগুলোতে দেখা যায় বাংলাদেশের পাশেই রাখা হয় পাকিস্তানের চেয়ার। পাশাপাশি দু দেশের নির্দিষ্ট চেয়ারেই বসতে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওআইসি সম্মেলনের এক ফাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওআইসিকে শক্তিশালী করার ব্যাপারে কথা বলেন। ও জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করার ব্যাপারেও একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
সুষমার পথ ধরে দায়িত্ব হাতে পেয়েই টুইটারে সক্রিয় বিদেশমন্ত্রী জয়শঙ্কর!-দৈনিক আনন্দবাজার পত্রিকা
‘বিদেশমন্ত্রকের দায়িত্ব হাতে পেয়েছেন শুক্রবার। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় হয়ে উঠলেন এস জয়শঙ্কর। গত দু’দিনে নানা সমস্যা নিয়ে টুইটারে তাঁর দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষ। চটজলদি জবাবও পেয়েছেন তাঁরা। টুইটারে বিদেশমন্ত্রীর এমন তত্পরতায়, পূর্বসূরী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন অনেকে। কর্মসূত্রে কুয়েতে বসবাসকারী স্বামীর কোনও খোঁজ পাচ্ছেন না বলে গত ১ জুন জয়শঙ্কর, স্মৃতি ইরানি এবং নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চান এক মহিলা। তিনি জানান, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে থাকতে দিচ্ছেন না। চেষ্টা করেও কুয়েতে স্বামীর কোনও খোঁজ পাচ্ছেন না তিনি। অবিলম্বে তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। বিদেশ মন্ত্রকের সায় না মেলায় কুয়েত দূতাবাসে দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলছে বলেও জানান ওই মহিলা। উত্তরে তাঁকে জয়শঙ্কর লেখেন, ‘কুয়েতে আমাদের দূতাবাস ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। আপনি সেখানে যোগাযোগ করুন।’
বাগুইআটিতে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৯টি গাড়ি ও বাস -দৈনিক আজকাল
ফের রাতের শহরে অগ্নিকাণ্ড। ঘটনাস্থল বাগুইআটি। আগুনে পুড়ে ছাই হয়ে গেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৯টি গাড়ি ও বাস। রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। শনিবার রাতে বাগুইআটি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি বাস ও গাড়ি। জানা গিয়েছে, রাত তিনটে নাগাদ হঠাৎই দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে ধোঁয়া বের হতে শুরু করে। গোটা এলাকা আগুনের গ্রাসে চলে আসে। রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। একে একে আগুন লেগে যায় দাঁড়িয়ে থাকা ৯টি গাড়িতে। বিষয়টি টের পেয়ে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে হাজির হয় ৬টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুড়ে ছাই হয়ে যায় ৯টি গাড়ি ও বাস। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দমকলকর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
মুখ্যমন্ত্রীকে ১০ লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা পোস্ট কার্ড পাঠানোর হুঁশিয়ারি অর্জুনের–দৈনিক সংবাদ প্রতিদিন
একদিকে যখন ‘জয় শ্রীরাম’ স্লোগানকে ঘিরে বিতর্ক তুঙ্গে বঙ্গ রাজনীতিতে, তখনই আরও বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ভাটপাড়া ও নৈহাটিতে যে স্লোগান শুনে গাড়ি থেকে নেমে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এবার সেই ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লক্ষ পোস্ট কার্ড মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পাঠানোর হুঁশিয়ারি দিলেন ভাটপাড়ার বারাকপুরের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা ব্যারাকপুরের সাংসদ বলেন, “আমরা ঠিক করেছি বিজেপির তরফ থেকে দিদিকে ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠানো হবে। তার প্রত্যেকটিতে লেখা থাকবে ‘জয় শ্রীরাম’।” বৃহস্পতিবার নৈহাটির ধরনা কর্মসূচিতে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ি উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগানে দেন একদল বিজেপি কর্মী-সমর্থক৷ যা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী৷ পুলিশকে নির্দেশ দেন নাকা তল্লাশির৷ কিন্তু তাতেও কোনও কাজ হয় না৷ একই ঘটনা ঘটে এরপরেও৷#
পার্সটুডে/বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।