নভেম্বর ২৬, ২০১৯ ১৬:৫৪ Asia/Dhaka
  • ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
    ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ-দৈনিক প্রথম আলো
  • 'প্রধানমন্ত্রীর বিমান ভর্তি পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়নি'দৈনিক কালেরকণ্ঠ
  • ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা আছে: ফখরুল -’দৈনিক যুগান্তর
  • ঢাকার বায়ুদূষণ কমাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের-দৈনিক ইত্তেফাক
  • মিয়ানমারের হাতে রাসায়নিক অস্ত্র মজুত থাকার অভিযোগ যুক্তরাষ্ট্রের- দৈনিক মানবজমিন
  • ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত

ভারতের খবর:

  • মহা-নাটকের যবনিকা পতন, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফডণবীস-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • একই দৈনিকের আরেকটি খবর- ‘ত্রুটিপূর্ণ’, তবু অযোধ্যা রায়ের পুনর্বিবেচনা চান না শাবানা-নাসিররা

 

শ্রোতাবন্ধুরা এবার বাছাইকৃত খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ। 

হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ-দৈনিক প্রথম আলো

কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃত্বে হাইকোর্টের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি বের করা হয়। ঢাকা, ২৬ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাসআজ মঙ্গলবার বেলা ১টার পর রাজধানীর হাইকোর্ট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতা-কর্মীরা। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃত্বে দুপুরের দিকে প্রেসক্লাবে ছোট ছোট দল এসে সংগঠিত হয়ে হাইকোর্টের দিকে এগোতে থাকেন। হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত তাঁরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত তাঁরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।হাইকোর্টের প্রধান ফটক থেকে মাজার গেট পর্যন্ত অবস্থান নিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা। ঢাকা, ২৬ নভেম্বর। ছবি: শুভ্র কান্তি দাসহাইকোর্টের ফটকগুলোয় অবস্থান নিতে গিয়ে অনেক নেতা-কর্মী শুয়ে পড়েন। খালেদা জিয়ার মুক্তি, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। এ সময় হাইকোর্ট এলাকাসহ আশপাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ প্রথমে তাঁদের সরে যেতে বলে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃত্বে হাইকোর্টের সামনে বিক্ষোভ মিছিল হয়। একপর্যায়ে মিছিল থেকে ইট-পাটকেল ছোড়া হলে লাঠিপেটা করে পুলিশ

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারা হলে পুলিশ বাঁশি ফুঁ দিয়ে তাদের ধাওয়া দেয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়কের বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে বিএনপির নেতা-কর্মীরা পল্টনের দিকে চলে যান।

'প্রধানমন্ত্রীর বিমান ভর্তি পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়নি'-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আশ্রয়েই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়তি দাম নিয়ে জনগণের পকেট কাটছে। এই পেঁয়াজ সিন্ডিকেটের সাথে সরকারের গিলে খাওয়া সরীসৃপরা জড়িত।

তিনি বলেন, আজ পত্রিকায় খবর বেরিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও হিলির বেশ কয়েকজন পেঁয়াজ আমদানিকারককে রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বললেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই। তারপরেও পেঁয়াজের এতো গগণচুম্বী মূল্য কেন? শেখ হাসিনার বিমানে চড়া পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি। তিনি বলেন, বলা হলো দেড় লাখ টন পেঁয়াজ আসছে। আজও এলো না সেই বিমানভর্তি পেঁয়াজ। যতই বিমান দেখাক, আর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হোক, সেটি আসলে কানাকে হাই কোর্ট দেখানোর মতো।

পেঁয়াজের পাশাপাশি চালের দাম বাড়ার কথা তুলে ধরে রিজভী বলেন, মাসের পর মাস পার হলেও নিত্য পণ্যের বাজারের কোনো উন্নতি হয়নি। বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও শুধুমাত্র সিন্ডিকেটের কারণে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। সরকার শুধু পেঁয়াজ বা চাল নয় বাজার নিয়ন্ত্রণেও সম্পূর্ণ ব্যর্থ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। 

ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা আছে: ফখরুল -’- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা আছে। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 'অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা বিএনপির নেই' আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে। তারা এখন নিজেদের প্রভু ভাবতে শুরু করেছেন। রাষ্ট্রের প্রভু তারা, এটিই তাদের সমস্যা হয়ে গেছে।

ঢাকার বায়ুদূষণ কমাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের-দৈনিক ইত্তেফাক

ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ ও বায়ুদূষণ কার্যক্রম কমাতে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিবের নেতৃত্বে কমিটিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রতিনিধি ও প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত রিটে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

মিয়ানমারের হাতে রাসায়নিক অস্ত্র মজুত থাকার অভিযোগ যুক্তরাষ্ট্রের- দৈনিক মানবজমিন

মিয়ানমারের হাতে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্রের মজুদ থাকতে পারে। একই সঙ্গে তারা রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ বিষয়ক বৈশ্বিক কনভেনশন লঙ্ঘন করে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল উইপনস (ওপিসিডব্লিউ)-এর বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি থমাস ডি নান্নো এমন তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ঐতিহাসিক একটি স্থাপনায় এখনও অস্ত্র থাকতে পারে।  এমন রাসায়নিক অস্ত্রের মজুদের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরদিন থাকে না : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত

দলীয় নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির শ্লোগান। দুঃসময় মোকাবেলার নাম আওয়ামী লীগ। তিনি বলেন, আজ সুসময় আছে। এই সুসময় চিরদিন নাও থাকতে পারে। মনে রাখবেন যে, ক্ষমতা আছে- এ ক্ষমতার দাপট দেখালে ক্ষমতা চিরদিন নাও থাকতে পারে। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। আজ মঙ্গলবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

মহা-নাটকের যবনিকা পতন, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফডণবীস-দৈনিক আনন্দবাজার পত্রিকা

জল্পনাই সত্যি হল। শপথ নেওয়ার মাত্র চার দিনের মাথায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফডণবীস।  মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ইস্তফার ঘোষণা করে ফডণবীস বলেন, ‘‘মহারাষ্ট্রের মানুষ আমাদের পক্ষেই রায় দিয়েছিলেন। বিজেপি-শিবসেনা জোটের পক্ষেই ছিল জনতার রায়। রাজ্যপাল সরকার গঠনের জন্য় আমাদের  ডেকেছিলেন। কিন্তু শিবসেনা আলোচনায় কোনও আগ্রহ দেখায়নি। সেই কারণেই সরকার গঠন হয়নি।’’  শনিবার রাতারাতি শিবির পাল্টে বিজেপিতে ভিড়ে যাওয়ায় অজিত পওয়ারের সমর্থনে ভর করে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন ফডণবীস। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পওয়ার। এর পরই বিজেপি বুঝে যায় আর সংখ্যা জোগাড় করা সম্ভব নয়। তার পরই ইস্তফার সিদ্ধান্ত হয়।

একই দৈনিকের আরেকটি খবর- ‘ত্রুটিপূর্ণ, তবু অযোধ্যা রায়ের পুনর্বিবেচনা চান না শাবানা-নাসিররা

অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানানোর সিদ্ধান্ত নিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। এ বার তাদের সেই সিদ্ধান্তের বিরোধিতায় এগিয়ে এলেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহের মতো বিশিষ্ট নাগরিকদের একাংশ। তাঁদের মতে, বিবাদ জিইয়ে রাখলে তা মুসলিম সমাজেরই ক্ষতি করবে। অভিনেতা শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, সাংবাদিক জাভেদ আনন্দ-সহ ইসলামি গবেষক, ব্যবসায়ী, কবি, থিয়েটার ও সঙ্গীতশিল্পী মিলিয়ে প্রায় ১০০ জনের তরফে সোমবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘সিদ্ধান্তে পৌঁছতে আইনের চেয়ে বিশ্বাসকেই প্রাধান্য দিয়েছে আদালত। আদালতের রায় ত্রুটিপূর্ণ মানছি আমরা। কিন্তু আমাদের বিশ্বাস, এই বিবাদ জিইয়ে রেখে কোনও লাভ নেই। এতে ভারতীয় মুসলিমদেরই ক্ষতি হবে।#

পার্সটুডে/এমবিএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।