ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এ দেশে প্রথম ভোট ডাকাতি শুরু করেছিলেন জিয়াউর রহমান: হানিফ-দৈনিক ইত্তেফাক
- অস্বাভাবিক কম ভোট পড়াটাই স্বাভাবিক: মাহবুব তালুকদার-দৈনিক যুগান্তর
- ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের-দৈনিক প্রথম আলো
- সারা দেশে দুর্ঘটনায় নিহত ৭-দৈনিক মানবজমিন
- যেসব ছবি তোলার কারণে কোপানো হয় সাংবাদিক সুমনকে-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কোথায় ১৫ লক্ষ টাকা? মোদি-শাহের বিরুদ্ধে প্রতারণার মামলা আদালতে-দৈনিক সংবাদ প্রতিদিন
- করোনাভাইরাস: চিনে মৃত বেড়ে ৪২৫, আকাল চিকিৎসা সরঞ্জামের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- প্রতিরক্ষা প্রদর্শনীতে জঙ্গি হামলার আশঙ্কা, উত্তরপ্রদেশ জুড়ে জারি করা হল উচ্চ–সতর্কতা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
ভোটে মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়: কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতির প্রতি মানুষের অনীহা গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজনীতির প্রতি মানুষের আগ্রহ আরও বেশি হওয়া উচিত। আজ সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তবে ভোট অস্বাভাবিক কম পড়াটাই স্বাভাবিক মনে করছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
তিনি বলেছেন, সিটি নির্বাচনে অস্বাভাবিক কম ভোট পড়া আমার কাছে স্বাভাবিক বলেই মনে হয়। এটা গণতন্ত্রের জন্য অশনিসংকেত হতে পারে, কিন্তু এটাই বাস্তবচিত্র। জনগণ নির্বাচন বা ভোটের প্রতি নিরাসক্ত। এই নির্বাচনে ভোটের প্রতি জনগণের অনীহা দেখে মনে প্রশ্ন জাগে, জাতি কি ক্রমান্বয়ে গণতন্ত্রহীনতার দিকে এগিয়ে যাচ্ছে?
এ দেশে প্রথম ভোট ডাকাতি শুরু করেছিলেন জিয়াউর রহমান: হানিফ-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, 'বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন।' মঙ্গলবার কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জিয়াউর রহমান হাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ শতাংশ ভোট পড়েছিল। সেটাও দেশবাসী জানে। বিএনপি ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আজিজ মার্কা ভোট করেছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সাথে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোন কথা মানায় না।'
সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে ঐক্যফ্রন্ট নেতারা-দৈনিক প্রথম আলো
বৈঠক-সভা-সংবাদ সম্মেলন ছাড়া রাজনৈতিক দলের কর্মসূচির মতো কিছু ঐক্যফ্রন্টের দেখা যায় না। জনগণের ওপরই দায়িত্ব ছেড়ে দেওয়া এবং জোট ব্যর্থ কি না—এমন নানান প্রশ্নের মুখে পড়লেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এসবের জবাবে নেতারা বলেছেন, জনগণই এগিয়ে আসবে। আজ রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব প্রশ্নের মুখে পড়েন।
সড়ক দুর্ঘটনা নিয়ে দৈনিক মানবজমিনের শিরোনাম এরকম, সারা দেশে দুর্ঘটনায় নিহত ৭
এ খবরে লেখা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সাভারে মা-মেয়েসহ ৩, মধুপুরে ২, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১ জন রয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন।সড়কে নিহতের ঘটনা নিত্যকার। প্রতিদিনই অঘোরে সড়কে ঝরছে প্রাণ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করোনাভাইরাস: চিনে মৃত বেড়ে ৪২৫, আকাল চিকিৎসা সরঞ্জামের-দৈনিক আনন্দবাজার
করোনাভাইরাসের জেরে গত ২৪ ঘণ্টায় ফের অন্তত ৬৪ জনের মৃত্যুর খবর মিলল চিনে। সোমবার পর্যন্ত যে সংখ্যাটা ছিল ৩৬১, মঙ্গলবারই তা বেড়ে দাঁড়াল ৪২৫-এ। যত দিন যাচ্ছে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে । একপ্রকার ‘জরুরি অবস্থা’ জারি হয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ আটকাতে চিনের ১৯টি শহর বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। উড়ান তো বটেই, ট্রেন-বাস-ফেরি-সহ গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ এই সব শহরে। স্কুল-কলেজ-অফিস বন্ধ। স্থানীয় বাসিন্দারা রীতিমতো ঘরবন্দি। এমনকি, বাজার করতে বেরেনোতেও রয়েছে নিষেধাজ্ঞা। তার উপরে রোগীর সংখ্যা যে মাত্রায় বাড়ছে, তাঁদের চিকিত্সার সমস্ত সুবিধা দেওয়াও সমস্যা হয়ে যাচ্ছে চিন সরকারের পক্ষে। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসে দিল্লির হাসপাতালে ভর্তি আরও ৫, ‘বিপর্যয়’ ঘোষণা করা হয়েছে কেরলে।
প্রতিরক্ষা প্রদর্শনীতে জঙ্গি হামলার আশঙ্কা, উত্তরপ্রদেশ জুড়ে জারি করা হল উচ্চ–সতর্কতা-দৈনিক আজকাল
প্রতিরক্ষা প্রদর্শনী–২০২০ শুরু হতে চলেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের লখনৌ–তে। ফলে জোর কর্মযজ্ঞ চলছে সেখানে। এই বিশাল প্রদর্শনীর উদ্বোধন করতে ৫ ফেব্রুয়ারি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশের গোয়েন্দা দপ্তর সেখানে জঙ্গি হামলার উচ্চ সতর্কতা জারি করে দিল। সেই সতর্কতায় বলা হয়েছে, ১১টি জঙ্গি সংগঠন যৌথভাবে এই হামলা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে যোগী প্রশাসনের।গোয়েন্দা দপ্তর সূত্রে খবর, এই জঙ্গিরা নেপালের পথ ধরে ভারতে প্রবেশ করেছে।
কোথায় ১৫ লক্ষ টাকা? মোদি-শাহের বিরুদ্ধে প্রতারণার মামলা আদালতে-দৈনিক সংবাদ প্রতিদিন
দুর্নীতি ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির জেলা আদালতে দায়ের হওয়া এই মামলায় নাম থাকা আরেক অভিযুক্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে। আগামী ২ মার্চ এই মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।
সোমবার ঝাড়খণ্ড হাই কোর্টের এক আইনজীবী এইচ কে সিংয়ের দায়ের করা মামলাটি গৃহীত হয় রাঁচির জেলা আদালতে। এই মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি ও অমিত শাহ প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, ক্ষমতা আসার পর তার পূরণ করেননি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪