ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১২:১৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ইভিএম থেকে পিছু হটার চেষ্টা ইসির! তিন সংসদীয় উপনির্বাচনের দুইটিতে ইভিএম ব্যবহূত হচ্ছে না-দৈনিক ইত্তেফাক
  • ব্যাংক ঋণের হাজার হাজার কোটি টাকা পাচার, পলাতকদের দেশে আনতে টিম পাঠাচ্ছে দুদক-দৈনিক যুগান্তর
  • ১৯ কেন্দ্রে ১০ ভোটেরও কম পেয়েছেন ইশরাক-দৈনিক প্রথম আলো
  • দেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-বাংলাদেশ প্রতিদিন
  • করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৮, আক্রান্ত ৩১ হাজার-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • রাহুলের ‘ডান্ডা’ মারা বিতর্কে তুমুল হট্টগোল সংসদে, হাতাহাতিতে জড়াল বিজেপি-কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ভোটের পরে আসুন, শাহিন বাগ মামলায় বিজেপি নেতাকে বলল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • পুলিশের চোখরাঙানি অগ্রাহ্য করে সিএএ এর প্রতিবাদে অনড় কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামী -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

ইভিএম থেকে পিছু হটার চেষ্টা ইসির! তিন সংসদীয় উপনির্বাচনের দুইটিতে ইভিএম ব্যবহূত হচ্ছে না-দৈনিক ইত্তেফাক

ইভিএম (প্রতীকী ছবি)

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে পিছু হটার কৌশল খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জানিয়েছিলেন, আগামীতে অনুষ্ঠিত সকল নির্বাচনে ইভিএমে ভোট হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে এবার সরে আসছে ইসি। আগামী ২১ মার্চ অনুষ্ঠিতব্য সংসদীয় তিনটি আসনের উপনির্বাচনের দুটিতে ইভিএম ব্যবহার করা হচ্ছে না। শুধু ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হবে। গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে চিরাচরিত ব্যালট পেপারে আস্থা রেখেছে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন।

১৯ কেন্দ্রে ১০ ভোটেরও কম পেয়েছেন ইশরাক-দৈনিক প্রথম আলো

ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন

ওয়ারীর দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চবিদ্যালয়ের নারী ভোটকেন্দ্রে (৪ নম্বর) ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন পেয়েছেন মাত্র ১ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৯১১ জন। ভোট দিয়েছেন ৩৪৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস একাই পেয়েছেন ৩৪৬ ভোট। বাকি দুই ভোটের একটি পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), আরেকটি পেয়েছে ন্যাশনাল পিপলস পার্টি (আম)। ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ১৯টি কেন্দ্রে ১০ ভোটের কম পেয়েছেন। ধানের শীষ প্রতীকের প্রার্থীর এত কম ভোট পাওয়াকে বিস্ময়কর বলে মনে করছেন অনেকে।

দেশের বেসরকারি খাতে ভারতীয়দের দাপট-দৈনিক মানবজমিন

বাংলাদেশের বেসরকারি চাকুরিতে ভারতীয়দের দাপট!

বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারে এখন ভারতীয়দের দাপট৷ বিশেষ করে তারা পোশাক, বায়িং হাউজ, আইটি এবং সেবা খাতে প্রাধান্য বিস্তার করে আছেন৷ এর পরেই শ্রীলঙ্কা চীনের অবস্থান৷ তবে মোট বিদেশির কমপক্ষে অর্ধেক ভারতীয়৷ করোনা ভাইরাসের কারণে চীনাদের দাপট কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ভারতীয়দের দাপট আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বুধবার তাদের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে মোট বিদেশি দুই লাখ ৫০ হাজার৷ তাদের মধ্যে বৈধ ৯০ হাজার৷ বাকিরা অবৈধভাবে বাংলাদেশে আছেন৷ আর যারা বৈধভাবে আছেন তাদের মধ্যে ৫০ ভাগ কোনো অনুমতি না নিয়েই টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে কাজ করছেন৷ এই বিদেশিরা বছরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাচার করেন৷ টিআইবি বাংলাদেশে বিদেশিদের হিসাব করেছে স্বরাষ্ট্রমন্ত্রীর ২০১৮ সালে দেয়া ৮৫ হাজার ৪৮৬ জন বৈধ বিদেশির তথ্যের ওপর ভিত্তি করে৷  কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো বেশি।বাস্তবচিত্র আরো ভয়াবহ।

অর্থনীতি খারাপ অবস্থায়-দৈনিক মানবজমিন

বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

দেশের অর্থনীতির খারাপ সময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ‘ব্রাঞ্চ ম্যানেজারদের বার্ষিক কার্যক্রম প্রণয়ন সম্মেলন ২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।মুস্তফা কামাল বলেন, এখন অর্থনীতির একটা খারাপ সময় যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই। কোনো দেশেই আমদানি-রপ্তানি সঠিকভাবে হচ্ছে না। আমদানি রপ্তানি কমে যাচ্ছে। বাংলাদেশের কিছু সেক্টরে এর প্রভাব পড়েছে। তবে আমি আশা করি বছর শেষে এই সেক্টরগুলোর আর পিছিয়ে থাকবে না।

ব্যাংক ঋণের হাজার হাজার কোটি টাকা পাচার, পলাতকদের দেশে আনতে টিম পাঠাচ্ছে দুদক-দৈনিক যুগান্তর

ব্যাংক ঋণের হাজার হাজার কোটি টাকা পাচার

অর্থ পাচারে জড়িত বিদেশে পলাতক দুর্নীতিবাজদের ফিরিয়ে আনতে টিম পাঠাচ্ছে দুদক। বৃহস্পতিবার কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর প্রস্তুতি হিসেবে যাদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা ও অনুসন্ধান চলছে, তাদের নামের একটি তালিকা চূড়ান্ত করা হবে। বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনার জন্য আদালতে আবেদন করা হবে। অনুমতি সাপেক্ষে যেসব দেশে অর্থ পাচারকারীরা পালিয়ে আছে, ওইসব দেশের আদালতে দুদকের পক্ষ থেকে আবেদন করা হবে। দুদকের যে টিম যাবে, তাদের সঙ্গে আইন বিভাগের কর্মকর্তারও থাকবেন। তারাই মূলত সংশ্লিষ্ট দেশগুলোয় এ সংক্রান্ত আবেদন দাখিল করবে। এরপর ইন্টারপোল ও এফবিআইয়ের সহায়তায় বিদেশে পলাতক অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘যারা সরকারি অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করছেন, তাদের আইনি প্রক্রিয়ায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। যিনি বা যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ করেন, তা পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন, তাদের প্রত্যেককেই অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, বিদেশে অর্থ পাচারে জড়িত ২০০ জনের তালিকা করে প্রথম পর্যায়ে শীর্ষ কয়েকজনকে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুদক।

সমুদ্রের আকাশসীমা এখনো ভারত মিয়ানমারের দখলে-দৈনিক মানবজমিন

সমুদ্রের আকাশসীমা এখনো ভারত মিয়ানমারের দখলে

ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পাঁচ বছর হয়েছে। দীর্ঘ এ সময়ে বাংলাদেশ এখনো সমুদ্রসীমার আকাশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সমুদ্রসীমার আকাশ এখনো  ভারত এবং মিয়ানমারের হাতে। ফলে ওই এয়াররুটে চলাচলকারী আকাশযানের খবর না জানায় ওভার ফ্লাইং চার্জ বা আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। অন্যদিকে রুটটির ওপর নজরদারি থাকায় এর পূর্ণসুবিধা ভোগ করছে ভারত ও মিয়ানমার! পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছে- সমুদ্রসীমার আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ পেতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর সঙ্গে ঢাকার দেনদরবার চলছে।

করোনা ভাইরাসে মারা গেলেন সতর্ককারী সেই চীনা চিকিৎসক-বাংলাদেশ প্রতিদিন/দৈনিক মানবজমিন

করোনা ভাইরাসে প্রাণ হারালেন ভাইরাসটি নিয়ে অন্যান্যদের প্রথম সতর্ক করা চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। ভাইরাসে আক্রান্ত হয়ে আগ থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

নিয়ে নিজের সতীর্থদের সতর্ক করেছিলেন তিনি। এর আগেই ভাইরাসটি সনাক্ত হয়েছিল উহানে। তবে চীন সরকার তা ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করে। ওয়েনলিয়াংই প্রথম ব্যক্তি হিসেবে এ বিষয়ে একটি অনলাইন চ্যাট গ্রুপে নিজের সহকর্মীদের সতর্ক করেন। ওই চ্যাটগ্রুপ থেকে পরবর্তীতে সে তথ্য প্রকাশ্যে নিয়ে আসেন অন্যান্যরা।

যার ফলে বিশ্বের কাছে প্রথমবারের মতো উহানের করোনা ভাইরাস নিয়ে তথ্য প্রকাশ পায়। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশের জন্য ওয়েনলিয়াংকে তিরস্কার করেছিল। তাকে জোরপূর্বক স্বীকারোক্তি দিতে বাধ্য করেছিল। তার বিরুদ্ধে ভয়া তথ্য ছড়ানোর অভিযোগে তদন্তও চালু হয়েছিল।

ওয়েনলিং তার পোস্টে লিখেছিলেন, নতুন রহস্যজনক ভাইরাসটি দেখতে অনেকটা ২০০২ সালের সারস ভাইরাসের মতো। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। সারস এর উৎপত্তিস্থল ছিল চীন। সেটিও সাম্প্রতিক ভাইরাসটির মতো একটি করোনা ভাইরাস ছিল। এতে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছিল প্রায় ৮০০ মানুষ।

এদিকে, প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষের চাপের শিকার হলেও, পরবর্তীতে ভাইরাসটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে ওয়েনলিংয়ের প্রচেষ্টা প্রশংসিত হয়। কিন্তু ততদিনে নিজেই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পড়েন ওয়েনলিং। চীন সরকারের তথ্য ধামাচাপা দেয়ার চেষ্টার কারণে ভাইরাসটি প্রাথমিকভাবে মানুষ থেকে মানুষে ছড়ায় না বলে ধরা হয়েছিল। ভাইরাসটিতে আক্রান্ত এক রোগীর চিকিৎসা করতে গিয়ে এতে আক্রান্ত হন ওয়েনলিং।

প্রাথমিকভাবে, ওয়েনলিংয়ের মৃত্যু নিয়ে সাংঘর্ষিক তথ্য প্রকাশ হয়েছে স্থানীয় গণমাধ্যমে। সর্বশেষ তথ্যানুসারে, বৃহস্পতিবার দিবাগত রাত ২:৫৮ মিনিটে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত করোনা ভাইরাসে চীনে মারা গেছেন ৬৩৬ জন। আক্রান্ত হয়েছেন ৩১ হাজারের বেশি। প্রতিদিন কয়েক ডজন করে মৃতের সংখ্যা বাড়ছে। 

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩৮, আক্রান্ত আরও ৩১ হাজার। এটি দৈনিক সমকালের খবর।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাহুলের ‘ডান্ডা’ মারা বিতর্কে তুমুল হট্টগোল সংসদে, হাতাহাতিতে জড়াল বিজেপি-কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের লোকসভা উত্তপ্ত

রাহুল গান্ধীর ‘ডান্ডা’ মারা বিতর্কে তুমুল হইচই লোকসভায়। শুক্রবার এই ইস্যুতে হাতাহাতিতে জড়ালেন বিজেপি ও কংগ্রেস সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন যখন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার জন্য সমালোচনা করছিলেন, সেই সময় তাঁর দিকে তেড়ে যান দুই কংগ্রেস সাংসদ। তখন এক বিজেপি সাংসদ তাঁদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনায় তুমুল হট্টগোল শুরু হয় সংসদে। অধ্যক্ষ অধিবেশন দুপুর পর্যন্ত মুলতুবি করে দেন।

প্রসঙ্গত, সম্প্রতি রাহুল গান্ধী বেকারত্ব নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘আগামী ছ’মাসের মধ্যে বেকাররা প্রধানমন্ত্রীর পিঠে ডান্ডা মারবেন’। বৃহস্পতিবারই রাহুল গান্ধীর কটাক্ষের পালটা জবাব দেন প্রধানমন্ত্রী। সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নাম না করে কংগ্রেস সাংসদকে ‘টিউবলাইট’ বলে কটাক্ষ করেন এবং বলেন, সূর্য প্রণাম করে তিনি নিজের পিঠ এত শক্ত করবেন যাতে হাজার ডান্ডা খেলেও কিছু হবে না। এদিন লোকসভায় রাহুলের মন্তব্যের সমালোচনা করে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। তখন বিরোধী দলনেতা অধীর চৌধুরি এর প্রতিবাদ করে বলেন, সংসদের বাইরের মন্তব্য নিয়ে এখানে আলোচনা করা যাবে না।

কিন্তু নিজের বক্তৃতা চালিয়ে যান হর্ষবর্ধন। সেইসময় কংগ্রেস সাংসদ মানিকম টেগোর ও হিবি ইডেন নিজেদের আসন থেকে উঠে আসেন। কার্যত দুজনে তেড়ে আসেন হর্ষবর্ধনের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে পিছন থেকে বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিং মানিকমকে ধাক্কা মেরে সরিয়ে দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে কংগ্রেস সাংসদদের অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন। হাতাহাতি বেধে যায় দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে অধ্যক্ষ অধিবেশন দুপুর পর্যন্ত মুলতুবি করে দেন।

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লির উপমুখ্যমন্ত্রীর ওএসডিকে গ্রেপ্তার করল সিবিআই-দৈনিক সংবাদ প্রতিদিন

আর একদিন বাদেই রাজধানীতে নির্বাচন। তার আগে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। ঘুষ নেওয়ার অভিযোগে আম আদমি পার্টির সেকেন্ড-ইন-কমান্ডের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে (ওএসডি) গ্রেপ্তার করল সিবিআই। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়ালের দল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গোপালকৃষ্ণ মাধব নামে ওই আধিকারিককে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

পুলিশের চোখরাঙানি অগ্রাহ্য করে সিএএ এর প্রতিবাদে অনড় কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামী-দৈনিক আজকাল

পুলিশের চোখরাঙানি অগ্রাহ্য করে সিএএ এর প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্ণাটকের স্বাধীনতা সংগ্রামী এইচ এস ডোরেস্বামী। প্রায় শতবর্ষ পার হতে চলা মানুষটি বৃহস্পতিবার থেকে সিএএ–র প্রতিবাদে আন্দোলন শুরু করেছেন টাউন হলের সামনে। শুক্রবারও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এমনকি কর্ণাটক সেন্ট্রাল জোনের ডিসিপির সদর দপ্তরের সামনে ধর্নায় বসার হুমকি দিয়েছেন বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী।  বিভিন্ন সংস্থা ও সমাজের নাগরিকদের নিয়ে তৈরি হয়েছে নাগরিক অধিকার রক্ষা কমিটি।

ভোটের পরে আসুন, শাহিন বাগ মামলায় বিজেপি নেতাকে বলল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শাহিনবাগ আন্দোলন

আগামিকাল শনিবার দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। এই সময় আদালতের কোনও সিদ্ধান্ত ভোটে প্রভাব ফেলতে পারে। তাই আপাতত শাহিন বাগের প্রতিবাদীদের উচ্ছেদের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক নন্দ কিশোরের দায়ের করা মামলার শুনানিতে সে কথা উল্লেখ করে শীর্ষ আদালতের বিচারপতি এস কে কল-এর সরস মন্তব্য, ‘‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে, তাই আমরা মামলার শুনানি স্থগিত রাখছি।’’

মামলাকারীর আইনজীবীরা সওয়াল করেছিলেন, সোমবার পর্যন্ত স্থগিত করে দেওয়ার অর্থ দিল্লির বিধানসভা ভোটের আগে আর শুনানি হবে না। তার পরেই বিচারপতি ‘বিড়াল বেরিয়ে পড়া’ সংক্রান্ত মন্তব্য করেন। বিচারপতি কল আরও বলেন, ‘‘ঠিক এই কারণেই আমরা বলছি, সোমবার আসুন। আমরা কেন নির্বাচনকে প্রভাবিত করব? আমরা সমস্যা বুঝতে পেরেছি এবং কী ভাবে তার সমাধান করা যায়, সেটা দেখতে হবে। সোমবার আমরা শুনব। তখন পর্যন্ত আমরা আরও ভাল অবস্থানে থাকব।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭