প্রিয়জন: 'রেডিও তেহরান সাম্রাজ্যবাদবিরোধী ও মজলুম মানুষের কণ্ঠস্বর'
নাসির মাহমুদ: সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।
আকতার জাহান: আসরের শুরুতেই আমি একটি ছোট্ট অথবা মহামূল্যবান বাণী শোনাব। আমিরুল মোমেনীন হযরত আলী (আ.) বলেছেন, 'ধৈর্য হলো অভাব থেকে বাঁচার বর্ম, কৃপণতা হলো অপদস্থের আবরণ। আর লোভ হলো- অভাবের লক্ষণ।'
আশরাফুর রহমান: আমরা সবাই ধৈর্যশীল হব এবং কৃপণতা ও লোভ থেকে নিজেদের মুক্ত রাখার চেষ্টা করব- এ কামনায় চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি।
নাসির মাহমুদ: আমি একটু আগে আমাদের ইমেইল চেক করছিলাম। খুশির খবর হলো- ইমেইলের ইনবক্স ভর্তি চিঠি আর চিঠি। নতুন আঙ্গিকে প্রিয়জন অনুষ্ঠান সম্প্রচার শুরুর পর থেকে শ্রোতাবন্ধুরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় চিঠি লেখা শুরু করেছেন। তাদের কেউ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন, কেউ শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন আবার কেউ নানা ধরনের প্রশ্ন পাঠিয়েছেন।
আকতার জাহান: এটা আমাদের জন্য সত্যিই আনন্দের খবর। কারণ শ্রোতারা যত বেশি চিঠি লিখবেন তত বেশি আকর্ষণীয় হবে- প্রিয়জনের আসর। যাইহোক, মতামতসমৃদ্ধ প্রথম ইমেইলটি এসেছে বাংলাদেশের রাজবাড়ি জেলার খোশবাড়ি গ্রাম থেকে। আর লিখেছেন- শাওন হোসাইন। রেডিও তেহরানের বিশ্বসংবাদ সম্পর্কে তার মূল্যায়ন এরকম-
আশরাফুর রহমান: "বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের জন্য বহুদিন ধরেই রেডিও তেহরান শ্রোতাদের নিকট বেশ সমাদৃত। আশাকরি ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।"
নাসির মাহমুদ: এরপর এই শ্রোতাবন্ধু লিখেছেন- "পবিত্র রমজান মাস উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত 'খোদাপ্রমের বসন্ত' নিয়মিত শুনতাম ও অনেক ভালো লাগতো যা থেকে আমি অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি। গত ২৬ মে আমার ইমেইল বক্সে রেডিও তেহরান থেকে একটি মেইল পেলাম যা পড়ে জানতে পারলাম যে, মাসিক কুইজ আবার চালু হবে এবং শ্রোতাদের মতামত ও জিজ্ঞাসা ইমেইলের মাধ্যমে গ্রহণ ও প্রচার করা হবে। সত্যি আমি অনেক আনন্দিত অনুষ্ঠান বিষয়ে আপনাদের সুন্দর সিদ্ধান্ত গ্রহণের জন্য আশা করি রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে এই সিদ্ধান্তগুলো অনেক কাজে আসবে।"
আকতার জাহান: মাহে রমজান উপলক্ষে প্রচারিত পরিবেশনা আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আর কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো এরইমধ্যে আমাদের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। আপনিসহ শ্রোতাবন্ধুরা ইচ্ছে করলেই এতে অংশ নিতে পারবেন। অবশ্য ইতোমধ্যে অনেকেই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
আশরাফুর রহমান: আসরের পরের চিঠিটি লিখেছেন তরুণ মৈত্র। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে।
শুভ কামনা জানানোর পর তিনি আশা প্রকাশ করে লিখেছেন, নতুন পদক্ষেপে শ্রোতাদের মধ্যে রেডিও তেহরান শোনার আগ্রহ বৃদ্ধি পাবে। চিঠির একাংশে তিনি লিখেছেন, ক্লাব নিবন্ধন করা হয়েছিল। কিন্তু কোনো উত্তর এখনও পাইনি।
নাসির মাহমুদ: কয়েকমাস আগে আমরা শ্রোতা তালিকাভুক্তির কার্যক্রম শুরু করেছিলাম। আপনিসহ সবার তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে। কিন্তু ক্লাব নিবন্ধনের কোনো উদ্যোগ আমরা এখনও নেইনি। তবে, ভবিষ্যতে নিবন্ধন দেওয়ার ইচ্ছে আমাদের রয়েছে। আশা করি ক্লাব তৎপরতার খবরাখবর আমাদের কাছে পাঠাবেন।
আকতার জাহান: আসরের এবারে বাংলাদেশের রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে আসা একটি ইমেইল হাতে তুলে নিচ্ছি। এটি পাঠিয়েছেন শ্রোতাভাই মো. সাইফুল ইসলাম থান্দার।
সালাম ও শুভেচ্ছা জানানোর পর তিনি একটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন- ইরান বিশ্বের সর্বোচ্চ জাফরান উৎপাদনকারি দেশ। এই জাফরান ইরান কী করে? জাফরানের ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
আশরাফুর রহমান: জাফরান একটি মূল্যবান উদ্ভিদ। ঔষধ শিল্পসহ খাদ্য শিল্পেও জাফরান ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী খাদ্য এবং মিষ্টি প্রস্তুতে সুগন্ধের জন্য জাফরান ব্যবহার করা হয়। বর্তমান বিশ্বে বিরাজমান দুরারোগ্য রোগ আলজেইমার, ক্যানসার কিংবা পারকিনসন্স রোগের চিকিৎসায় এই জাফরান খুবই কার্যকর। এ ছাড়া ভেষজ এবং প্রসাধনী পণ্যেও জাফরান ব্যবহৃত হয়।
নাসির মাহমুদ: ভাই, সাইফুল ইসলাম থান্দার, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি আপনার কৌতুহল মিটেছে।

আকতার জাহান: আসরের এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত শুনব ভারতের এক শ্রোতাবন্ধুর কাছ থেকে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিতালি লিসেনার্স ক্লাবের সভাপতি শিবেন্দু পাল।
আশরাফুর রহমান: রেডিও তেহরানের দুটি মৌলিক বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর আর কোনো বেতারের নেই। এক. সাম্রাজ্যবাদ বিরোধী কণ্ঠস্বর। দুই. মজলুম মানুষের কণ্ঠস্বর।
নাসির মাহমুদ: এরপর তিনি লিখেছেন, যেকোনো বেতারের মূল চালিকা শক্তি তার অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে যদি কোনো ব্যতিক্রমী বিষয় না থাকে, তাহলে আজকের দুনিয়ায় শুধুমাত্র তথ্য পেতে কেউ রেডিও শুনবে না। উল্লিখিত দুটি বৈশিষ্ট্যই হল- রেডিও তেহরানের ব্যতিক্রমী বিষয়; যার জন্যে আজও রেডিও তেহরানের সঙ্গেই আছি।
আকতার জাহান: নাজিমুদ্দিন ভাই আরও লিখেছেন, বর্তমানে কোন্ বেতার কি দিচ্ছে, সে qsl হোক, প্রমোশনাল আইটেম বা প্রতিযোগিতার পুরস্কার তার উপর ভিত্তি করে শ্রোতারা লেখালেখি বেশি করে; সেখানেই ভিড় জমায়। অবশ্যই একজন প্রকৃত শ্রোতা রিকগনিশন চায়, সেটা পেলেও ধন্য; তাই বিশ্বের অন্যান্য বেতারের মত রেডিও তেহরান শ্রোতাদের কিছু না দিক, রিকগনিশন দিক। আর হ্যাঁ, অবশ্যই তার ব্যতিক্রমী বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সাম্রাজ্যবাদী শক্তির মুখোশ খুলে বিশ্ব মানবতা ও মজলুম মানুষের কণ্ঠস্বর হয়ে বিরাজ করুক- এই কামনা করি।
আশরাফুর রহমান: রেডিও তেহরান সম্পর্কে নাজিমুদ্দিন ভাইয়ের মূল্যায়ন ও প্রত্যাশার কথা জেনে ভালো লাগল। আমরা চেষ্টা করছি শ্রোতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে। চিঠি ও মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নাসির মাহমুদ:আজ আর কোনো চিঠি পড়া সম্ভব হবে না। কারণ আমাদের প্রযোজক হাত ইশারায় জানিয়ে দিচ্ছেন যে, অনুষ্ঠানের সময় প্রায় শেষ।
আকতার জাহান: আমাকে একটা মিনিট সময় দিতেই হবে। কারণ আজ আমি কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করব বলে অপেক্ষা করছি।
আশরাফুর রহমান: ঠিকাছে আপনি ঝটপট বলে দিন শ্রোতাদের নাম-ঠিকানাগুলো।
আকতার জাহান: বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম ভিওএ ফ্যান ক্লাব থেকে যুবরাজ চৌধুরী, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের চকবাজার থেকে সিটিজি টাইমস ডটকম সম্পাদক মসরুর জুনাইদ।
নাসির মাহমুদ: সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, চৈতক লিসনার্স ক্লাব, পশ্চিম মেদিনিপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আর পাইকার বীরভুম থেকে লিখেছেন দেশমাতৃকা প্রসাদ রায়।
আশরাফুর রহমান: যারা চিঠি ও মতামত দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। কথা হবে প্রিয়জনের আগামী আসরে।
আকতার জাহান: ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।