জুন ২০, ২০২০ ১০:২৯ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আকতার জাহান: প্রত্যেক অনুষ্ঠানের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “চারটি জিনিস যার মধ্যে থাকে তার ইসলাম পরিপূর্ণ হয়। এগুলো হলো- সততা, কৃতজ্ঞতা, লজ্জা এবং সদাচরণ।

আশরাফুর রহমান: খুবই মূল্যবান একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন এই চারটি বিষয় নিজেদের মধ্যে ধারণ করতে পারি এ প্রত্যাশায় চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি ইমেইল করে পাঠিয়েছেন সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস থেকে। তিনি ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট।

নাসির মাহমুদ: হৃদয় ভাই মনে হয় অনেকদিন পর চিঠি লিখলেন-তাই না!

আশরাফুর রহমান: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। দীর্ঘদিন পর চিঠি লেখার কারণও তিনি জানিয়েছেন। আমি বরং তার চিঠি থেকেই পড়ে শোনাচ্ছি। হৃদয় ভাই লিখেছেন- রেডিও তেহরানের ‘প্রিয়জন’ অনুষ্ঠানের মেসেঞ্জার গ্রুপে ইদানিং যুক্ত হয়েছি। নানা জনের নানান কথা শুনছি। আমিইবা বাদ যাই কেন!! তাই এই লেখা।

আকতার জাহান: ওনার চিঠির কিছু অংশ আমি পড়ছি। হৃদয় ভাই লিখেছেন, ‘স্মৃতিরোমন্থনে হারিয়ে যাচ্ছি। ফিরে যেতে ইচ্ছে করে সেই ১৯৯৮/৯৯ সালের দিকে। নিয়মিত সব ধরনের যোগাযোগ ছিল ২০০৯ পর্যন্ত। তার পর থেকে রেডিও তেহরান হারিয়ে যেতে বসল। আপনারা আর আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন মনে করেন না, আমরাও হাল ছেড়ে দিয়েছি।‘ সবশেষে তিনি আবারও রেডিও তেহরান থেকে লেমিনেটেড সাদা খামের চিঠি প্রত্যাশা করেছেন।

নাসির মাহমুদ: সত্যি বলতে কী- লেমিনেটেড সাদা খামের চিঠি অনেকদিন ধরেই শ্রোতাদেরকে পাঠানো হয় না আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে। তবে আমরা চেষ্টা করছি আবারও শ্রোতাদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে। তো, নিরবতা ভেঙে চিঠি লেখার জন্য ভাই সোহেল রানা হৃদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 

আশরাফুর রহমান: আসরের পরের ইমেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড় মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে। আর লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা ফয়সাল আহমেদ সিপন।

তিনি শুরুতেই একটি সুখবর দিয়ে লিখেছেন- ‘রেডিও তেহরান ফেসবুক লাইভের শ্রোতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে শ্রোতা আরো বাড়ানোর জন্য ফেসবুক লাইভ লিংক শ্রোতাদের ফ্যান পেইজগুলোসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য রেডিও তেহরানের শ্রোতাদের নিকট অনুরোধ করছি।

নাসির মাহমুদ: চমৎকার একটি বিষয়ে শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সিপন ভাই। আসলে ফেসবুক লাইভ অনুষ্ঠানের লিংক যত বেশি শেয়ার হবে তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বার্তা। আশা করি শ্রোতাবন্ধুরা লাইভ অনুষ্ঠান শোনার পাশাপাশি তা শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন।

আকতার জাহান: আসরে এবার কোনো চিঠি নয়, ২৮ মে রংধনু আসরে প্রচারিত একটি অনুষ্ঠানে সম্পর্কে দুই শ্রোতাবন্ধুর মন্তব্য পড়ে শোনাব। ফেসবুক লাইভে অনুষ্ঠানটি শোনার পর টাঙ্গাইলের ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট আবু তাহের কমেন্ট বক্সে লিখেছেন-

আশরাফুর রহমান: রংধনু ছোট্ট মণিদের জন্য একটি সময়োপযোগী ও আদর্শ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে বাঘ ও বানরের গল্পটি বেশ ভালো লাগল। এছাড়া, ছোট্ট মণি জুয়াইরিয়া আফশীনের সাক্ষাৎকার ও তার সাবলীল বাচনভঙ্গি আমাকে বিমোহিত করেছে। আফশীনের জন্য শুভ কামনা।

নাসির মাহমুদ: একই অনুষ্ঠানে শুনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়ার শ্রোতা  এস এম নাজিমুদ্দিন জানিয়েছেন- "আজকের রংধনু আসরে ছোট্ট সোনামনির তেলাওয়াত ও আবৃত্তি খুব সুন্দর লেগেছে। আমি অনেক দিন রংধনুতে এমন সাক্ষাৎকার শুনিনি।"

আকতার জাহান: ভাই আবু তাহের এবং ভাই নাজিমুদ্দিন, ছোট্টবন্ধু জুয়াইরিয়া আফশীনের সাক্ষাৎকার আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আফশীনের জন্য আমাদের পক্ষ থেকেও শুভেচ্ছা রইল।

আশরাফুর রহমান: বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর শাপলা শর্টওয়েভ লিসেনার্স ক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন- সুদীর্ঘ বিরতির পর অনুষ্ঠান বিষয়ে লিখছি। হয়তো এই দীর্ঘ ব্যবধানে রেডিও তেহরান আমাকে ভুলেই গেছে। যোগাযোগে যদিও দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু অনুষ্ঠান অনিয়মিত হলেও শুনেছি। বিশেষ করে দৃষ্টিপাত ও কথাবার্তা।  

নাসির মাহমুদ: মাস্টার ভাই, আমরা কিন্তু আপনাকে ভুলিনি। অপেক্ষায় ছিলাম আপনার চিঠির। যাইহোক, লম্বা বিরতি শেষে আবারো লিখেছেন এজন্য আমরা যারপরনাই খুশি।

আকতার জাহান: এ শ্রোতাভাইয়ের চিঠি কিন্তু এখনো শেষ হয়নি। অনুষ্ঠানে সম্পর্কে তিনি লিখেছেন, ৩১ মে ‘পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব’ অনুষ্ঠানে শাইখ ফখরুদ্দিন ইরাকির রচনা 'লামায়াত' সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল অত্যন্ত জ্ঞানগর্ভ ও তথ্যমূলক। এরপর 'প্রাচ্যবিদের চোখে মহানবী (সা.)' অনুষ্ঠানে অন্য যেকোনো ধর্মের তুলনায় ইসলাম উন্নত হবার কারণ প্রসঙ্গে বোন আখতার জাহান ও গাজী আব্দুর রশিদ ভাইয়ের উপস্থাপনা ছিল প্রাণবন্ত এবং শিক্ষামূলক।  

আশরাফুর রহমান: ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, কষ্ট করে অনুষ্ঠানে শোনার পাশাপাশি চিঠি লিখে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

নাসির মাহমুদ: আসরের এ চিঠিটি লিখেছেন শিবেন্দু পাল, ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মিতালী লিসনার্স ক্লাব থেকে।

বিশ্বব্যাপী কোভিড ২০১৯ বা করোনা ভাইরাস মহামারীর সময়ে নিয়মিত অনুষ্ঠান প্রচার করার জন্য রেডিও তেহরানকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চিঠিটি শুরু করেছেন তিনি। এরপর জানতে চেয়েছেন- ইরানে করোনা পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মেডিসিন পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা? নিম্ন আয়ের মানুষের খাদ্যের জোগান কিভাবে করা হচ্ছে

আকতার জাহান:  মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান নিজস্ব সামর্থ্যকে কাজে লাগিয়ে যেভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে তা গোটা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করেছে। তো, এ বিষয়ে বিস্তারিত বলছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ড. সোহেল আহম্মেদ। 

আশরাফুর রহমান: করোনা মোকাবেলায় ইরানের পদক্ষেপ সম্পর্কে সোহেল ভাইয়ের কাজ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আশা করি শ্রোতাবন্ধু শিবেন্দু পালের কৌতুহল মিটেছে।

নাসির মাহমুদ: দেখতে দেখতে আমরা আসরের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবারে আমরা করোনাভাইরাস নিয়ে একটি গান শুনতে চাই। গানের কথা ও সুর মিলটন খন্দকার। আর শিল্পী মনির খান।

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

নাসির মাহমুদ: কথা হবে আবারো আগামী আসরে। #

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।