কথাবার্তা: পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান, বাকি রইল মাত্র দুটি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২৭ নভেম্বর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
প্রথমে বাংলাদেশ:
আজকের সবগুলো দৈনিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুর খবরকে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ সংক্রান্ত খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম 'মুক্তিযুদ্ধ জাদুঘরে শেষ শ্রদ্ধা, বনানী কবরস্থানে আলী যাকেরের দাফন'
- দৈনিকটি অপর শিরোনাম-পদ্মা সেতুতে বসল ৩৯তম স্প্যান, বাকি রইল মাত্র দুটি
- প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা'-দৈনিক যুগান্তর
- বরকত উল্লাহ বুলু স্বপরিবারে করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি-দৈনিক নয়াদিগন্ত।
- মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে র্যাব-শিক্ষার্থীদের প্রতি স্পিকার: দৈনিক ইত্তেফাক
- 'শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা আসে': এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:
- তৃণমূল ছেড়ে বিজেপিতে মিহির গোস্বামী? নিশীথের সঙ্গে পৌঁছলেন দিল্লিতে-দৈনিক আানন্দ বাজার
- দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, 'ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের
- টাকার দাবিতে প্রাক্তন পরিচারিকার হুমকি ফোন, পুলিশের দ্বারস্থ হাসিন জাহান: নুসরৎ জাহান- দৈনিক আজকাল
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
মুক্তিযুদ্ধ জাদুঘরে শেষ শ্রদ্ধা, বনানী কবরস্থানে আলী যাকেরের দাফন - শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে পৃথিবীর ভ্রমণ শেষ করে অনন্তকালে যাত্রা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের। বেলা ১১টায় তাঁকে নেওয়া হয় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে। সেখান থেকে বনানীর উদ্দেশে শেষযাত্রা। জানাজা শেষে বিকেলে বনানী কবরস্থানের সবুজ মাটিতে শেষ নিদ্রা হবে তাঁর। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি বলেন, বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারাল। প্রধানমন্ত্রী শোক বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অন্য একটি খবরে প্রথম আলো লিখেছে, পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১০ ও ১১ নম্বর পিয়ার অর্থাৎ খুটির ওপর বসানো হয়েছে ৩৯তম স্প্যান। ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ দশমিক ৮৫০ কিলোমিটার। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে স্প্যানটি বসানো হয়। ৩৮তম স্প্যানটি বসানোর ৭ দিনের মাথায় এই স্প্যান বসানো হলো। সম্পূর্ণ সেতু দৃশ্যমান হতে আর মাত্র দুটি স্প্যান বসানো বাকি রইল।
প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা'- শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, দেশের প্রতিটি উপজেলা থেকে বছরে এক হাজার কর্মী বিদেশ পাঠানোর পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অভিবাসন প্রত্যাশী, বিদেশে অবস্থানরত অভিবাসী, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবারের জন্য নিরাপদ অভিবাসন, রেমিটেন্স ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় সব তথ্যসেবা দিতে ‘বিদেশযাত্রা' নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত প্রত্যাশা প্রকল্পের আওতায় এই প্ল্যাটফর্ম তৈরি করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।
বরকত উল্লাহ বুলু স্বপরিবারে করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি-শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু স্বপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার করোনাভাইরাস পরীক্ষায় বুলুসহ তার সহধর্মিণী শামীমা বরকত লাকী, বড় ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান ও ছোট ছেলে মাহাথির মোহাম্মদ ইরকানের পজিটিভ ধরা পরে। এরপর রাতে তারা রাজধানীর গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি হন। সেখানে বুলু ও তার পরিবার মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ'র অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে র্যাব- শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানীতে অভিযান শুরু করেছে র্যাব। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে চারটি স্পটে একসঙ্গে চলে এই অভিযান। স্পটগুলো হলো—শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুর। এ সময় মাস্ক না পরায় শাহবাগ এলাকায় ৩১ জনকে জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক। তিনি জানান, মাস্ক না পরলে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা, করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হবে।
'শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সফলতা আসে': শীর্ষক খবরে দৈনিক কালেরকণ্ঠ লিখেছে, দেশের উন্নয়ন দেখতে পায় না বলে সরকারের কোনো অর্জন বিএনপির চোখে পড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে নিজ বাসভবন থেকে করা এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না। দেশের মানুষ জিম্মি নয় বরং দেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হাওয়া ভবন তন্ত্রের জুলুম ও মিথ্যাচার থেকে।
এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত
তৃণমূল ছেড়ে বিজেপিতে মিহির গোস্বামী? নিশীথের সঙ্গে পৌঁছলেন দিল্লিতে-শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন মিহির গোস্বামী? শুক্রবার সকালেই দিল্লিতে পৌঁছেছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক। আজই বিজেপিতে যোগ দিতে পারেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রে খবর। মিহিরের সঙ্গে দিল্লিতে রয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। বিকেলে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেবেন বলেও একটি সূত্রে জানা গিয়েছে।
ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের-শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। এবার তাঁর বিরুদ্ধে তমলুক থানায় দায়ের হল অভিযোগ। ঠিক কী হয়েছিল? মঙ্গলবার তমলুকে জেলাশাসকের অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পল। সেখানেই মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, “বাংলায় মেয়েরা নিরাপদ নন। তৃণমূলের কর্মী-সমর্থকরা ধর্ষণ করছে।
টাকার দাবিতে প্রাক্তন পরিচারিকার হুমকি ফোন, পুলিশের দ্বারস্থ হাসিন জাহান - শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দেড় বছর আগেই একাধিক অভিযোগ এনেছিলেন। যার নিষ্পত্তি আজও হয়নি। তার মধ্যেই শিরোনামে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। এবার হাসিনের অভিযোগ, তাঁর ব্যক্তিগত ছবি এবং ফোন নম্বর ফাঁস করে দেওয়ার নাম করে লাগাতার হুমকি ফোন করেছে প্রাক্তন পরিচারিকা। অবশ্য হাসিন জাহানের অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।