কথাবার্তা: ট্রাম্পকে অভিশংসনের প্রস্তুতি ডেমোক্রেটদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- করোনাকালে ব্যাংকখাত-মানুষ সঞ্চয় করেছে বেশি, ব্যাংকে বেড়েছে আমানত-দৈনিক প্রথম আলো
- সাঈদ খোকনের বিরুদ্ধে তাপসের দুই মামলা-দৈনিক ইত্তেফাক
- ১৮ জানুয়ারির পর এইচএসসি ফলের বিষয়ে সিদ্ধান্ত -শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- তারেকের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে বিএনপির কর্মসূচি ঘোষণা-দৈনিক যুগান্তর
- ইন্দোনেশিয়ার বিমান ট্রাজেডি-এখানে সেখানে ভাসছে দেহাবশেষ জামাকাপড়-কালের কণ্ঠ
- এই নির্বাচন কমিশন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট প্রতিষ্ঠান-মানবজমিন
- মার্কিন ইতিহাসে প্রথম যে ' কলঙ্কজনক' রেকর্ড নিয়ে বিদায় হতে পারে ট্রাম্প-বিডি প্রতিদিন
ভারতের শিরোনাম:
- আপাতত কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট-আনন্দবাজার পত্রিকা
- কয়লা পাচার কাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি ইডির,লালার খোঁজে হণ্যে গোয়েন্দারা-সংবাদ প্রতিদিন
- সীতাহরণের সঙ্গে হাথরস কাণ্ডের তুলনা,কল্যাণের নামে এফআইআর বিজেপির, পাল্টা নেটিজেনদের-আজকাল
শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলোদেশের স্বাস্থ্য অধিদপ্তরে সিরিজ বৈঠক: ফাইজারের টিকা নিয়ে দৌড়ঝাঁপ- এমন খবর আজ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি সম্পর্কে আপনার পর্যবক্ষেণ কী?
২. ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেয়া উচিত। একথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কী বলবেন আপনি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
এই নির্বাচন কমিশন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট প্রতিষ্ঠান’-মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন
এই নির্বাচন কমিশন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এবং নিকৃষ্ট প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আমরা বারবার এই নির্বাচন কমিশনের পদত্যাগ জানিয়েছি। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী আছেন, যারা দেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন এবং বিদেশের যারা বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা বলেছেন, এই নির্বাচন কমিশন থাকাকালে বাংলাদেশ কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা প্রথম থেকেই বলে আসছি, এ নির্বাচন কমিশন গঠন করা হয় আওয়ামী লীগের পূর্ণ সমর্থন নিয়ে। এই নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। এ নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এ আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব সরকার পতনের আন্দোলনে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সাঈদ খোকনের বিরুদ্ধে তাপসের দুই মামলা-দৈনিক ইত্তেফাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুইটি মামলা করা হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে আজ সকালে দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।
ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা-ইত্তেফাক
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না। মার্চ কিংবা এপ্রিল মাসে বইমেলা অনুষ্ঠিত হবে কি না সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। গতকাল রবিবার বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দেশ রূপান্তরকে এসব তথ্য জানান।
প্রকাশকরা বলছেন, ফেব্রুয়ারিতে বইমেলা না হলে মার্চেও আয়োজন সম্ভব হবে না। কারণ কমপক্ষে দেড় মাস সময় হাতে না থাকলে বইমেলায় অংশ নিতে পারবে না প্রকাশকরা। তাছাড়া এপ্রিলে বইমেলা করতে গেলে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের ঝুঁকি মাথায় নিতে হবে। আর এপ্রিল পার হয়ে গেলে এ বছর আর একুশের বইমেলা আয়োজন সম্ভব হবে না। তাই এ বছর একুশের বইমেলা আয়োজনের ব্যাপারে অনিশ্চয়তা সহসাই কাটছে না।
বঙ্গবন্ধু ফিরে না আসলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো: আমু-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্থিতিশীলতা লাভ করে।
সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু ফিরে না আসলে দেশের স্বাধীনতা ও সার্বভৈৗমত্ব হুমকির মুখে পড়তো। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের হাতে থাকা অস্ত্র সমর্পণ, মিত্র বাহিনীর সদস্যদের ভারতে ফেরত পাঠানো অসম্ভব হয়ে পড়তো। বঙ্গবন্ধু দেশে ফিরে আসার কারণেই স্বাধীন রাষ্ট্র হিসেবে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় দ্রুত সম্ভব হয়েছে।
সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ অগ্রযাত্রার মহাসড়কে, তখন আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে।
দেশে মাথাপিছু আয় নয়, বৈষম্য বেড়েছে: জিএম কাদের-ইত্তেফাক
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশে নাকি মাথাপিছু আয় বেড়েছে, আসলে বৈষম্য বেড়েছে। কিছু মানুষ লুটপাট করে টাকার পাহাড় জমিয়েছে। তাদের টাকা দেশে রাখার জায়গা নেই, এখন বিদেশ পাচার করছে। তাই দেশের মানুষের মঙ্গল হয়নি। করোনার আগে দেশে সাড়ে ৪ থেকে ৫ কোটি বেকার ছিলো, এখন বেকার বা আধা বেকারের সংখ্যা কেউ জানেনা।
রবিবার ( ১০ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি সাংগঠনিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ট্রাম্পকে অভিশংসনের প্রস্তুতি ডেমোক্রেটদের-মানবজমিন
ক্যাপিটল হিল সহিংসতার পর থেকে ওঠা দাবি ক্রমশ জোরালো হচ্ছে। মার্কিন গণতন্ত্রের প্রতীকে আঘাতে উসকানির জন্য ট্রাম্পের অপসারণ চাইছেন ডেমোক্রেটরা। কিছু রিপাবলিকান নেতাও এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। যদিও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এখনো এতে সম্মতি দেননি। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, মাইক পেন্স রাজি না হলেও পরিষদ ডনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করবে। সিএনএনের রিপোর্টে বলা হয়েছে, পেলোসি বলেন, হাউস সবার সম্মতিতে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব পাস করার চেষ্টা করবে। সবার সম্মতিতে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস না হলে ও রিপাবলিকানদের বাধার মুখে পড়লে এটি আবার ভোটাভুটির জন্য আনা হবে। পেন্সকে ২৪ ঘণ্টার মধ্যে প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানাতে হবে।এমনটা না হলে হাউস প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করবে।
বিবিসি’র রিপোর্টে বলা হয়েছে, শুধু ডেমোক্রেট নয় এমনকি রিপাবলিকানদের অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে সেদিন সমর্থকদের উস্কে দেয়ার অভিযোগ করছেন। রিপাবলিকান সিনেটর প্যাট টুমি মি. ট্রাম্পের পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, "আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভাল হবে যদি ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন"
"আমি জানি তা হয়ত হবে না। কিন্তু এটা হলেই ভাল হতো।"
এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম মি. ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
আপাতত কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সোমবার ৩ কৃষি আইন নিয়ে শুনানি ছিল দেশের শীর্ষ আদালতে। আর সেই শুনানিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারের উচিত ৩ কৃষি আইনে আপাতত স্থগিতাদেশ দেওয়া। কেন্দ্র যদি তা না করে, তাহলে সেই পদক্ষেপ করবে আদালতই। আদালত সোমবারের শুনানিতে উষ্মা প্রকাশ করে বলে, ‘‘দিনের পর দিন দিল্লির রাজপথে বয়স্ক মানুষেরা বসে আছেন, মহিলারা বসে আছেন, তাহলে কেন সরকার এই পরিস্থিতি দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না?’’ সেই সূত্রেই আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আগামী দিনে যদি কেন্দ্রীয় সরকার ৩টি আইন প্রয়োগে স্থগিতাদেশ না দেয়, তাহলে আদালতকে এগিয়ে আসতেই হবে। কারণ, প্রত্যেকদিন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে।
প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, ‘‘কোনও ভাবে এই আন্দোলনের ফলে পরিস্থিতি যেন হাতের বাইরে না যায়। আমরা কেউ নিজেদের রক্তমাখা হাত দেখতে চাই না। কোনও মৃত্যু বা কোনও ক্ষত দেখতে চাই না আমরা।’’ গত দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে প্রশ্ন করেছিল, কেন পরিস্থিতির কোনও উন্নতি হচ্ছে না? সেই সূত্রে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, কৃষকদের সঙ্গে কেন্দ্রের স্বাস্থ্যকর আলোচনা চলছে।
প্রয়োজনে নাকখত দিয়ে বেরিয়ে যাব’উন্নয়নকে হাতিয়ার করে বিরোধীদের চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
হিংসা, মারামারি নয় কিংবা দল ভাঙানোর রাজনীতি নয়। উন্নয়নকে হাতিয়ার করেই ফের বাংলার মসনদে বসাই লক্ষ্য বলে বারবার দাবি করেছে তৃণমূল। সোমবার নদিয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে উন্নয়নের অস্ত্রেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিরোধীদের দিকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অন্য কোনও রাজ্য সরকার এত উন্নয়ন করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বললেন তিনি।
কয়লা পাচার কাণ্ডে রাজ্যজুড়ে তল্লাশি ইডির, লালার খোঁজে হন্যে গোয়েন্দারা-দৈনিক সংবাদ প্রতিদিন
কয়লা পাচার কাণ্ডে সোমবার রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাওয়ালার মাধ্যমে যে বিপুল অঙ্কের টাকা এদিক ওদিক পাচার করা হত, সেই কোটি কোটি টাকার উৎস সন্ধানে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি, মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার খোঁজেও কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সংস্থাটি।
জানা গিয়েছে, এদিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে প্রায় ১৫টি গাড়িতে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নামেন ইডির আধিকারিকরা। লালা ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী গণেশ বাগাড়িয়ার বাঙুর, লেকটাউনের তিনটি বাড়িতে তল্লাশি চালান গোয়েন্দারা
সীমান্তে সংঘাতের আবহেও লাদাখে ধৃত চিনা সৈনিককে ফেরত পাঠাল ভারত-আজকাল/সংবাদ প্রতিদিন
লাদাখে ধৃত চিনা জওয়ানকে মুক্তি দিল ভারত (India)। প্রায় ৭২ ঘণ্টা হেফাজতে রাখার পর সোমবার ওই সৈনিককে লালফৌজের হাতে তুলে দেয় ভারতীয় সেনাবাহিনী।
গত শুক্রবার অর্থাৎ ৮ জানুয়ারি সকালে পূর্ব লাদাখে চুশুল সেক্টরের অন্তর্গত প্যাংগং হ্রদের দক্ষিণ পাড়ে চিনা ফৌজের ওই সৈনিককে আটক করে ভারতীয় সেনা। এ বিষয়ে সঙ্গে সঙ্গে চিনাবাহিনীকেও জানানো হয়। এরপরই বেজিং দাবি জানায়, আটক সৈনিককে দ্রুত মুক্তি দিক ভারত এবং সীমান্তে শান্তি বজায় রাখুক। লালফৌজের তরফে দাবি করা হয়, অন্ধকারে পথ ভুলে ভারতে ঢুকে পড়েছিল ওই সিপাহী। প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও লাদাখের ডেমচক এলাকায় ওয়াং ইয়া লং নামের এক চিনা সৈনিককে গ্রেপ্তার করা হয়। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এবারও ফের চিনা সৈনিকের অনুপ্রবেশে রীতিমতো উদ্বিগ্ন প্রতিরক্ষা মহল। বিশ্লেষকদের ধারণা, ভারতীয়ও জমি থেকে এখনই সরতে রাজি নয় চিনারা। বরং লাগাতার আগ্রাসন ও অনুপ্রবেশ চালিয়ে ভারতের প্রত্যুত্তর কেমন হতে পারে সেই বিষয়ে জানতে চাইছে বেজিং। উল্লেখ্য, পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে প্যাংগং হ্রদে (Pangong Tso)। দক্ষিণ পাড়ে খুব অল্প দূরত্বে মুখোমুখি দাঁড়িয়ে ভারত ও চিনের ফৌজ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।