বসুরহাট থমথমে-জনমনে আতঙ্ক: কাদেরের পদত্যাগ দাবি ফখরুলের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের’-ইত্তেফাক
- টিকা নিয়ে ভাববেন না-করোনামুক্ত-স্বাস্থ্যমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- সুড়ঙ্গ সড়কে পাল্টে যাবে সমুদ্র সৈকতের চেহারা- প্রথম আলো
- দেশে এখন সবাই আওয়ামী লীগ-নানক- বাংলাদেশ প্রতিদিন
- জনগণের ভালোবাসা নিয়ে শেখ হাসিনা সরকার টিকে আছে এবং টিকে থাকবে -কালের কণ্ঠ
- অপপ্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার থাকুন-তথ্যমন্ত্রী- যুগান্তর
- কার্যালয় ছেড়েছেন কাদের মির্জা-বসুরহাট থমথমে- সমকাল
- কেন করোনা সংক্রমণ বাড়ছে? -মানবজমিন
ভারতের শিরোনাম:
- নাগপুরের পর কি পুণেতেও লকডাউন, করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মহারাষ্ট্র -আনন্দবাজার পত্রিকা
- আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মমতা? মমতাকে খুনের চক্রান্ত করা হয়েছে-অভিযোগ কমিশনে-আজকাল
- মমতাকে হারিয়েই ছাড়ব’, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর -দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল-প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই দাবি জানান। বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলেন। চমৎকার ফিরোজা কালারের আসনে বসে তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন। প্রতিদিন তিনি বিএনপিকে ধমক দেন, শিক্ষা দেন। আমি বলব, আপনি আপনার ঘরকে আগে শিক্ষা দিন। আপনার ভাই কাদের মির্জা আপনার সম্পর্কে যেসব কথা বলেন, আপনাদের দলের নেতাদের সম্পর্কে বলেন, তারপরে তো আপনাদের থাকার কথা না। পদত্যাগ করা উচিত। আপনারা নিজেদের ঘরে মারামারি করে, দলাদলি করে ইতিমধ্যে দুজনকে হত্যা করেছেন। একজন সাংবাদিক, একজন রাজনৈতিক কর্মী।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কীভাবে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশটাকে দলীয় সম্পত্তি বানিয়ে ফেলা হয়েছে, তা তাঁরা দেখেছেন। সরকার দেশকে শোষণ করছে। এই সরকার খুব সুকৌশলে রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের এখন কোনো স্বাধীনতা নেই। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো ভিত্তি নেই। সেই মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে।
এদিকে জনগণের ভালোবাসা নিয়ে শেখ হাসিনা সরকার টিকে আছে এবং টিকে থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে বিএনপি। ইত্তেফাক, যুগান্তর ও কালের কণ্ঠে পরিবেশিত হয়েছে। তিনি বলেন, কোনো যুৎসই ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি ঠুনকো ইস্যু নিয়ে মাঠ গরমের অপচেষ্টা করছে। বিএনপির নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি বলেছিলেন পাগল এবং শিশুছাড়া কেউ নিরপেক্ষ নয়, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অবান্তর।
ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিএনপিকে এ নিয়ে দাবি-দাওয়া পেশ করতে হবে না।
৫১টি নারী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের জন্য পদযাত্রা-ইত্তেফাক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের জন্য পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বর থেকে ৫১টি নারী সংগঠনের উদ্যোগে এ পদযাত্রা করা হয়।পদযাত্রাটি শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।
কোম্পানীগঞ্জে গ্রেপ্তার আ.লীগ নেতা মিজানুর কারাগারে-প্রথম আলো
নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নোয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসাইন আহমেদ বলেন, দুটি নাশকতাসহ মোট চারটি মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার জেলা শহর থেকে মিজানুর রহমান আটক করা হয়। পরে পৌরসভা ভবনে হামলা-ভাঙচুর, গুলি, নাশকতাসহ চারটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
কার্যালয় ছেড়েছেন কাদের মির্জা, বসুরহাট থমথমে-সমকাল
রাজনৈতিক দ্বন্দ্বে সংঘর্ষ থেকে রক্তপাত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমনে রয়েছে আতঙ্ক।
গত কয়েকদিন ধরেই এমন অবস্থা দেখা যাচ্ছে। তবে বৃহস্পতিবার রাতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে পড়লে এই থমথমে অবস্থা আরও বেড়ে যায়।
সারারাত পৌর কার্যালয়ে অবস্থান করার শুক্রবার সকাল ১০টার দিকে বাইরে বেরিয়ে আসেন কাদের মির্জা। এরপর বাজার ও বিভিন্ন ইউনিয়নে আহত নেতাকর্মীদের দেখতে যান তিনি।
ঢাকা যেন মশার রাজধানী, মশারি টানিয়ে অভিনব প্রতিবাদ-কালের কণ্ঠ/প্রথম আলো
ঢাকায় মশা অসহ্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। মশা মারতে কার্যত ব্যর্থ ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা। মশারি টানিয়ে মেয়রদ্বয়ের ব্যর্থতার অভিনব প্রতিবাদ জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ। শুক্রবার (১২ মার্চ) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই অভিনব প্রতিবাদ জানানো হয়। ভাড়াটিয়া পরিষদের মানববন্ধনে আধা ইঞ্চি মশা মারতে দুই মেয়র ব্যর্থ দাবি করে অবিলম্বে মশার উপদ্রব থেকে রাজধানীবাসীকে রক্ষার দাবি জানানো হয়।
মে পর্যন্ত বাড়তে পারে প্রকোপ, স্বাস্থ্যবিধির বালাই নেই কেন বাড়ছে সংক্রমণ?-মানজবমিন
দেশে করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন করোনা পূর্বাভাস বিষয়ক গবেষক দলের সদস্যরা। চলতি বছরের মে মাসে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তাদের ধারণা। মে মাসে প্রতিদিন আন-রিপোর্টেড ১৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হতে পারে। রিপোর্টেড আক্রান্তের সংখ্যা আরো কম হতে পারে। আর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা আসলে জুন মাসের শেষ পর্যন্ত সর্বমোট ২০ হাজার মানুষ মারা যেতে পারে। করোনা নিয়ে মডেলিং, মানুষের আচার-আচরণ, স্বাস্থ্যবিধি না মানা, ভ্যাকসিন নিতে অনাগ্রহ ও বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা পর্যালোচনা করে এই পূর্বাভাস তৈরি করেছে গবেষক দল। গবেষকরা বলেছেন, ভ্যাকসিনেশন প্রয়োগ খুব সিনসিয়ারলি নিতে হবে। কারণ গত এক সপ্তাহ ধরে রেজিস্ট্রেশন ও ভ্যাকসিন নেয়ার আগ্রহটা কমে গেছে।
আগে প্রতিদিন দুই লাখ মানুষ ভ্যাকসিন নিয়েছে। এখন সেটা এক লাখে পৌঁছে গেছে।গবেষক দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক ড. শাফিউন শিমুল বলেন, অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন মমতা? সিদ্ধান্ত নিতে বৈঠকে মেডিক্যাল বোর্ড-দৈনিক আজকাল
মুখ্যমন্ত্রী আজই ছাড়া পাবেন হাসপাতাল থেকে? সিদ্ধান্ত নিতে সকাল এগারোটায় বৈঠকে বসেছে মেডিক্যাল বোর্ড। হাসপাতাল সূত্রে খবর, মমতা ব্যানার্জির গোড়ালির ফোলা খানিকটা কমেছে। কিন্তু এখনও ব্যথা রয়েছে। ঘাড়, কাঁধ ও কবজির ব্যথা আর নেই। চিকিত্সায় ভালই সাড়া দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁকে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, এমনটাই ইচ্ছাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতে ভালই ঘুমিয়েছেন তিনি। দেখেছেন টিভি। মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করেই তাঁকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা।
নন্দীগ্রামে প্রচারে গিয়ে ‘হামলা’র ঘটনায় পায়ে গুরুতর চোট লাগে মমতা ব্যানার্জির। এরপর প্রচারপর্ব অসম্পূর্ণ রেখেই কলকাতায় ফেরেন তৃণমূল নেত্রী। গোটা ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা। গ্রিন কড়িডোর করে তাঁকে তড়িঘড়ি কলকাতায় আনা হয়। ভর্তি করা হয় এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে,প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা আরও কঠোর করার নির্দেশ কমিশন। কাল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।নন্দীগ্রামে মমতা ব্যানার্জির উপর পরিকল্পিত ‘হামলা’ই চালানো হয়েছে৷ এমনই দাবি তৃণমূল নেতৃত্বের৷ একই সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উপরে ‘হামলা’র প্রতিবাদ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার দাবিতে শুক্রবার বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত গোটা রাজ্যে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল৷ রাজ্যের প্রতিটি জেলা এবং ব্লকে কালো পতাকা নিয়ে মৌন মিছিল করবেন তৃণমূল কর্মীরা৷
মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব৷ মুখ্যমন্ত্রী নিজে এবং তৃণমূল নেতৃত্ব বুধবারের ঘটনাকে পরিকল্পিত ‘হামলা’ বলে দাবি করলেও একটি মহল থেকে দাবি করা হচ্ছে, রাস্তার উপর থাকা স্তম্ভে গাড়ির দরজা ধাক্কা লাগাতেই আহত হন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করা হয়েছে। মমতা ব্যানার্জির উপর ‘হামলা’–র প্রতিবাদে নির্বাচন কমিশনে এমনই অভিযোগ জানাল তৃণমূল। কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের তরফে চিঠি দেওয়া হয়েছে।
মমতাকে হারিয়েই ছাড়ব’, নন্দীগ্রাম কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করে হুঙ্কার শুভেন্দুর-সংবাদ প্রতিদিন
পূর্বসূচি অনুযায়ী শুক্রবার মনোনয়ন পেশ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হলদিয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দিলেন তিনি। দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেনই।
একুশের ভোটে (Assembly Elections 2021) বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রাম। কারণ, এই আসনই বাংলার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। তৃণমূল নিশ্চিত বিপুল ভোটে নন্দীগ্রামে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জয় নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারীও। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন তিনি। শুক্রবার সকাল থেকে একাধিক কর্মসূচিতে শামিল হন বিজেপি নেতা।
নাগপুরের পর কি পুণেতেও লকডাউন, করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল মহারাষ্ট্র-আনন্দবাজার পত্রিকা
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমেই খারাপ হচ্ছে মহারাষ্ট্রের অবস্থা। বৃহস্পতিবারই ঘোষণা করা হয়, সোমবার থেকে নাগপুরে পূর্ণ লকডাউনের পথে হাঁটছে প্রশাসন। এর পর পুণেতে করোনার সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে কার্যকর করা হল রাত্রীকালীন কার্ফু। প্রশাসন সূত্রে খবর, এতে সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে এই শহরেও পূর্ণ লক ডাউনের পথে হাঁটতে পারে উদ্ধব ঠাকরে প্রশাসন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।