মানুষ হত্যার জন্য খালেদা জিয়ারও বিচার এবং ফাঁসির দাবি তথ্যমন্ত্রী ইনুর
পাঠক! আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৯ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
প্রথম আলো অনলাইন: দেড়মাসেও বিএনপির কমিটি হয়নি, বাড়ছে কোন্দল হতাশা
মানবজমিন অনলাইন: ইউএনওকে মারধর: প্রশাসন ক্যাডারে ক্ষোভ
ইত্তেফা অনলাইন: নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, যেকোনো দিন ফাঁসি
যুগান্তর অনলাইন: সুইফট' কারিগরদের ভুলেই রিজার্ভ চুরি
ভারতের খবর:
আনন্দবাজার: রাস্তায় কেউ গুলি চালাতেই পারে, বললেন নীতীশ
বর্তমান অনলাইন: পরীক্ষার মধ্যেই আজ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিল
তো, শ্রেতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের - সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে মন্তব্য করায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে আজ সোমবার দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথম আলোয় পরিবেশিত এ খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারের মতো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে পাকিস্তানকে বারবার নিষেধ করে আসছে বাংলাদেশ। এরপরও এ বিষয়ে বক্তৃতা-বিবৃতি দিয়ে সম্পর্কের তিক্ততা বাড়াচ্ছে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশকে ঘিরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবারও উদ্বেগ প্রকাশ করেছে। এর প্রতিক্রিয়ায় পাক হাইকমিশনারকে তলব করা হলো।
........
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ইত্তেফাকে খবরটি ছাপা হয়েছে। খবরটিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি এস কে সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান সৈয়দ সিদ্দিকীর স্বাক্ষরের পর সোমবার রায় প্রকাশ করা হয়।
প্রকাশিত রায়টি রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। রায়ের অনুলিপি পাওয়ার পরই জেল কর্তৃপক্ষ সরকারের নির্ধারিত দিনক্ষণ অনুযায়ী নিজামীর ফাঁসি কার্যকর করবে।
গত বৃহস্পতিবার নিজামীর রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। নিজামীর রিভিউ আবেদন খারিজ করার কয়েকদিনের মধ্যে এই রায় প্রকাশ করা হলো।
......
এবার দৈনিক মানবজমিনের দুটি খবর তুলে ধরছি, গুম-হত্যা আতঙ্কে গণতন্ত্র এখন অন্ধকারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, গুম ও হত্যাসহ আতঙ্কের এক অভূতপূর্ব বাতাবরণে দেশের গণতন্ত্র আজ অন্ধকারে হারিয়ে গেছে। অন্যদিকে স্থান করে নিয়েছে ক্ষুধা, দরিদ্রতা আর হাহাকার। গতকাল বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, দেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ কিছু মানুষের বেতন-ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠীর ওপর নেমে এসেছে এর খড়গ। কারণ যাদের বেতন-ভাতা বাড়েনি তারাই দেশের বৃহত্তর জনগোষ্ঠী। তিনি বলেছেন, সরকারি দলের সিন্ডিকেট নিত্যপণ্যের দাম বাড়িয়েছে।
.......
এদিকে, ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে মারধর করার ঘটনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও মানবজমিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে তাদের ক্ষোভের কথা জানিয়েছে। গতকাল দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে পরশুরামের ঘটনা নিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেন। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন পর্যায়ের এসব কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ঘটনার শাস্তি না হলে দেশের অন্যান্য স্থানেও কর্মকর্তারা এ ধরনের ঘটনার শিকার হতে পারেন।
........
দৈনিক ভোরের কাগজের খবর- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মানুষ হত্যার জন্য নিজামীর যদি ফাঁসি হয়, তাহলে খালেদা জিয়ারও বিচার এবং ফাঁসি দাবি করছি।’
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে হাসানুল হক ইনু বলেন, ‘আমি পরিষ্কার বলতে চাই, যারা গুপ্তহত্যা করছে তারা একটি রাজনৈতিক দলের ছায়াতলে থেকে এটা করছে। তারা এই সরকারকে অগণতান্ত্রিকভাবে উৎখাত করার চক্রান্ত এবং যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার চক্রান্ত হিসেবে এটা করছে।
.......
এবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে দৈনিক যুগান্তরের খবরটি তুলে ধরছি। এ শিরোনামটি এরকম যে-'সুইফট' কারিগরদের ভুলেই রিজার্ভ চুরি’
বিশ্বের প্রায় তিন হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সফটওয়ারের মাধ্যমে যুক্তকারী প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) ভুলেই রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্তে নিয়োজিত বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলমের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।
বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্ব খবরের অংশবিশেষ তুলে ধরছি।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, পশ্চিমবঙ্গে বামদের সঙ্গে গাঁটছড়া বাঁধার বিরোধিতায় ভাঙন ধরল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে৷ বাংলায় ভোটের ফল ঘোষণার পরই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়।
দৈনিকটির অন্য একটি খবর-বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ক্ষুব্ধভাবে বিশৃঙ্খলার ক্ষেত্র বলার পরও যাদবপুরে ছাত্র বিক্ষোভ থামার লক্ষণ নেই৷ পরীক্ষার মধ্যেও মিছিল ছাত্রদের।
তো পাঠক! এই ছিল আমাদের কথাবার্তার আসরে সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন।#
গাজী আবদুর রশীদ/৮