মে ১০, ২০১৬ ১৬:১৮ Asia/Dhaka

পাঠক! আমাদের প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

প্রথম আলো অনলাইন: নিজামীর ফাঁসির জন্য কারাগারে এসেছেন জল্লাদ

মানবজমিন অনলাইন: যেকোনো সময় নিজামীর ফাঁসি

ইত্তেফাক অনলাইন: গ্যাটকো দুর্নীতি: লিভ টু আপিল দায়ের করলেন খালেদা জিয়া

বাংলাদেশ প্রতিদিন অনলাইন: ৮১ মিলিয়ন ডলার চুরির দায় নেবে না সুইফট

ভারতের খবর:

আনন্দবাজার: চোর সন্দেহে পিটিয়ে খুন আইটিআই ছাত্রকে, অভিযুক্ত তৃণমূল নেতা

বর্তমান অনলাইন: মেডিকেল জয়েন্ট নিতে পারবে না, রাজ্য রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত

সংবাদ প্রতিদিন: ত্রিপুরাকে কেন্দ্র করে দেশজুড়ে সংগঠন বাড়াতে তৎপর তৃণমূল

তো, পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের - সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।

এক ভোটে ৮৪ খুন- শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদনে লেখা হয়েছে, নিহতদের মধ্যে আওয়ামী লীগের ৪৫, বিএনপির ৩, অন্যান্য ৩৬, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ১৫, গুলিবিদ্ধসহ আহত ৭ হাজার।প্রতিবেদনে বলা হয়েছে, চার ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ পর্যন্ত প্রাণ গেছে ৮৪ জনের। এদের ৪৫ জনই আওয়ামী লীগ সমর্থক। বিএনপির সমর্থক ৩ জন। তা ছাড়া ইউপি সাধারণ সদস্যসহ ভোটার মারা গেছেন ৩৬ জন। তাদের বড় অংশেরই রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। চার দফা ভোটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা যান ১৫ জন। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। ইউপি ভোটকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনার কোনোটিরই এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি। এসব ঘটনায় নির্বাচন কমিশনও ‘নিশ্চুপ’রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনও ‘নিষ্ক্রিয়’ভূমিকা পালন করছে। কোনো পক্ষই দায় নিচ্ছে না।

.....

ঠাকুরগাঁওয়ে সিন্ডিকেটে গম ক্রয়ের অভিযোগ- শিরোনামে দৈনিক বর্তমান পত্রিকার একটি অনুসন্ধানী প্রতিবেদনে লেখা হয়েছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষকের নামে গোপনে ব্যবসায়ি সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যগুদামে গম ক্রয়ের অভিযোগ উঠেছে খাদ্য বিভাগের বিরুদ্ধে। সোমবার পৌর এলাকার কৃষকের নামে ট্রাকে করে প্রায় দেড়শ মেট্রিক টন গম ক্রয় করেছে খাদ্য বিভাগ। এতে গমের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে সাধারণ কৃষক। তবে এ অভিযোগ সঠিক নয় বলে দাবী ক্রয় কমিটির। জানা যায়, কৃষকের কাছ থেকে সরাসরি গম ক্রয় করা হলে খাদ্য বিভাগ তেমন লাভবান হতে পারবে না। এ জন্যই কৌশলে কৃষকের কাছ থেকে সংগ্রহ কার্যক্রম শুরু করতে বিলম্ব করে কর্তৃপক্ষ। এদিকে বোরো ধানের খরচ যোগাতে বাধ্য হয়েই কৃষক ১৬/১৭ টাকা দরে বাজারে গম বিক্রি করে। এরই মধ্যে ব্যসায়ী সিন্ডিকেটের সাথে আতাত করে গম ক্রয়ের নীল নকশা করে খাদ্য বিভাগ। গোপন সূত্রে জানা গেছে, এতে চুক্তি হয় বর্তমান বাজার মূল্যের চেয়ে সরকারী অতিরিক্ত মূল্যের টাকা অর্ধেক অর্ধেক হারে ভাগবাটোয়ারার। শেষে মন্তব্য করা হয়েছে এসব দেখার কেউ নেই।

.......

দৈনিক প্রথম আলোর খবর, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরে সরকার পুরো প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, নিজামী প্রাণভিক্ষা না চাইলে যেকোনো মুহূর্তে ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসি কার্যকরের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সেসব চলছে। এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে কারা ফটক ও আশপাশের এলাকায় প্রচুর পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, নিজামীর ফাঁসি কার্যকর করতে তালিকাভুক্ত জল্লাদের মধ্যে রাজু নামের এক জল্লাদকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল তিনটার পর কারাগারের একটি গাড়িতে করে তাকে আনা হয়। কারা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, জল্লাদ শাহজাহান আলীর নেতৃত্বে এ ফাঁসি কার্যকর করা হবে। এর আগে নিজামীর ফাঁসির রায় কার্যকর করা নিয়ে দুপুরে কারা অধিদপ্তরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান, ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার ও ঢাকা কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবীরসহ ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা।

........

বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে হতাহতের ঘটনার আগে কয়লাভিত্তিক বিদ্যুৎেকন্দ্র নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ‘বিভ্রান্তি তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল’ বলে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। দৈনিক ইত্তেফাকের এ খবরে বলা হয়েছে, সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘স্থানীয় এক বিএনপি নেতা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ‘বিভ্রান্তি ছড়িয়ে স্থানীয় জনগণকে ভুল বুঝিয়েছিল। এর মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয় বলে প্রতিবেদনে লেখা হয়েছে।”

ইত্তেফাকের অন্য একটি খবরে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে পাকিস্তান সরকার প্রকাশ্যে তদবির করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমি আগেই বলেছি খালেদা জিয়া পাকিস্তানি এজেন্ট। তিনি অব্যাহতভাবে নির্বাচনগুলোর জন্য আইএসআই এজেন্টদের কাছ থেকে অর্থ গ্রহণ করে আসছেন। তিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছিলেন। এখন পাকিস্তানি সরকার তার পক্ষে প্রকাশ্যে তদবির করছে।

এদিকে দৈনিক মানবজমিনের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার বড় প্রমাণ মোসাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা এবং তাদের সহায়তা চাওয়া। তিনি বলেন, তাই বিএনপি কোন রাজনৈতিক দল নয়, বিএনপি পাকিস্তানের আদর্শে লালিত একটি রাজনৈতিক দল। আর বেগম খালেদা জিয়া মুলত এ দেশের মানুষের কোন নেতা নন, তিনি পাকিস্তানের এজেন্ট। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পিটিআই রোডস্থ নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার জরিপে বর্তমান সরকার দেশের শতকরা ৭০ ভাগ মানুষের জনপ্রিয়তায় রয়েছে।

.......

বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্ব খবরের অংশবিশেষ তুলে ধরছি।

আমরা কবে সভ্য হব? এ শিরোনামের প্রতিবেদনে দৈনিক আনন্দবাজার লিখেছে,

বিশ্বের সভ্য দেশগুলো ইতিমধ্যেই যেটা প্রমাণ করেছে, এ বার সেটা প্রমাণ করার পালা ভারতের। ধনী অথবা নির্ধন, ক্ষমতাবান অথবা ক্ষমতাহীন, তুমি যে-ই হও না কেন আইনের চোখে সবাই সমান। লজ্জার বিষয়, ভারতে এই নীতির কণামাত্র রূপায়িত হয়নি। আর হয়নি বলেই, বিহারে অক্লেশে নিরীহ ছাত্রের মাথায় গুলি করতে পারে বিধায়কের বখে যাওয়া পুত্র।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, তন্দুরে জীবন্ত জ্বালিয়ে দিয়েও বছরের পর বছর নিশ্চিন্তে ঘুরে বেড়ায় দিল্লির পরাক্রমশালী দুর্বৃত্ত, কলকাতায় সেনা মহড়ার ওপর বিলাসবহুল মদ্যপ গাড়ি চালিয়ে দিয়েও আইনের সঙ্গে লুকোচুরি খেলে রাজনীতিকের সন্তান। বেআদব যে বেয়াড়াপনা করবে এতে অভিনবত্ব কিছু নেই। অভিনবত্ব যেখানে আছে, সেটা হল ব্যক্তি এবং ক্ষেত্র বিশেষে আইনের অন্ধ ব্যবহার। আমাদের এ দেশ বহু বছর ধরে তার সাক্ষী। রাজনৈতিক আনুগত্য থেকে মুক্ত হতে পারলে পুলিশ যে কী করতে পারে তার নমুনা সম্প্রতি দেখেছে পশ্চিমবঙ্গ।

তো পাঠক! এই ছিল আমাদের কথাবার্তার আসরে সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন।#

গাজী আবদুর রশীদ/১০