মনে হচ্ছে ফাঁদে পা দিয়েছি: আসলাম চৌধুরী
শ্রোতাবন্ধুরা! সালাম ও শুভেচ্ছা নিন। কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। দৈনিক যুগান্তরের একটি শিরোনাম দিয়ে শুরু করবো আজকের আসর। আসলাম চৌধুরী: ‘মনে হচ্ছে ফাঁদে পা দিয়েছি’। ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ এবং পরে গ্রুপ ছবি তোলার বিষয়টি স্বীকার করে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বলেছেন, তিনি জানতেন না মেন্দি এন সাফারি ইসরাইলের লিকুদ পার্টির নেতা।
গণমাধ্যমে খবর প্রকাশের পর জানতে পারেন তার সঙ্গে মোসাদের সম্পর্ক রয়েছে। পত্রিকায় প্রকাশিত ছবির বিষয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ছবি কিভাবে গণমাধ্যমে প্রকাশিত হল তা বুঝতে পারছি না। তবে এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সেজন্য নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা চাইতেও দ্বিধা নেই তার।
নয়াদিগন্ত মির্জা ফখরুলের একটি বক্তব্য শিরোনাম করেছে। শিরোনামটি হলো: বিএনপির সঙ্গে মোসাদের কোনো সম্পর্ক নেই : ফখরুল। বিস্তারিত খবরে পত্রিকাটি লিখেছে: ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদের’ সঙ্গে বিএনপির কোনো প্রকার সম্পর্ক নেই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। ফখরুল বলেন, বিএনপি কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এদিকে, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৫ মে সারা দেশে, মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ পালিত হবে। ১৬ মে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ঢাকা মহানগরীতে।
প্রথম আলোর শিরোনাম: এবার হামলা বাণিজ্যিক ব্যাংকে: সুইফট। বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো আরও একটি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফট। সংস্থাটি গতকাল বৃহস্পতিবার বলেছে, আরেকটি বাণিজ্যিক ব্যাংকে ম্যালওয়্যার হামলা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। সুইফটের মুখপাত্র নাতাশা দ্য টেরান ওই বাণিজ্যিক ব্যাংকটির নাম প্রকাশ করেননি। দ্বিতীয় হামলায় ব্যাংক থেকে কত টাকা চুরি গেছে তা-ও পরিষ্কার করা হয়নি।
তবে ইত্তেফাক আরেকটি খবর দিয়েছে 'বাংলাদেশের ৩ ব্যাংকের ডেটা চুরি' শিরোনামে। তুরস্কের একটি হ্যাকার দল বাংলাদেশের তিনটি বাণিজ্যিক ব্যাংকের ডেটা চুরি করেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট। ‘ডেটাব্রিচটুডে’ নামের ওই ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোজকার্টলার’ নামের ওই হ্যাকার গ্রুপ নেপালেরও দুটি ব্যাংকের ডেটা চুরি করেছে। সব ডেটাই তারা অনলাইনে প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।’
বাংলাদেশের ব্যাংকগুলো হলো ডাচ-বাংলা ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক।
এদিকে মানবজমিন শিরোনাম করেছে: রাজকোষ কেলেঙ্কারি সুইফট নেটওয়ার্ক হ্যাক হয়নি: সুইফটের সিইও। বাংলাদেশের রাজকোষ কেলেঙ্কারির ঘটনায় সুইফটের নেটওয়ার্ক হ্যাক হয়নি। এটা বরং গ্রাহকের পক্ষ থেকেই প্রতারণার উদাহরণ। এমন ঘটনা এটাই প্রথম নয় এবং এটাই এমন ঘটনার শেষও নয়। আন্তঃব্যাংক অর্থ স্থানান্তরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত মেসেজিং সিস্টেম সুইফটের সিইওর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাংলাদেশ প্রতিদিনের খবর: পররাষ্ট্রসচিবের এত খুশির কারণ নেই: নজরুল ইসলাম ‘পত্রিকায় দেখলাম আমাদের পররাষ্ট্রসচিব ভীষণ খুশি। খুবই সফল আলোচনা হয়েছে। সাংবাদিকেরা জানতে চেয়েছেন, তিস্তার ব্যাপারে আলোচনা হয়েছে কি না। তিনি বলেছেন, অ-নে-ক ব্যাপারে আলোচনা হয়েছে। মানুষ তার আসল প্রয়োজনীয় যেটা, সেটার ব্যাপারে জানতে চায়। তিস্তার পানি নিয়ে অগ্রগতি না থাকলে এত আনন্দিত হওয়ার কারণ দেখি না। এটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইস্যু।’
কোলকাতার আনন্দবাজার পত্রিকার শিরোনাম: তাপস ধৃত, সিবিআই চান কৌশিকের মা: বিস্তারিত খবরে এসেছে:বিচার চেয়ে সিবিআই তদন্তের দাবি জানাল খুন হওয়া ছাত্রের পরিবার। তবে মূল অভিযুক্ত তাপস মল্লিককে বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার দত্তপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে মোষ চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় মন্দিরবাজারের গুমকি গ্রামের বাসিন্দা আইটিআই পড়ুয়া কৌশিক পুরকাইতকে।
দৈনিক আজকাল শিরোনাম করেছে: খরা নিয়ে কেন্দ্রকে তিরস্কার সুপ্রিম কোর্টের:
খরা নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় তিরস্কার করল সুপ্রিম কোর্ট। কেন্দ্র যেভাবে হাত ধুয়ে ফেলছে তা নিয়ে আদলতের মন্তব্য, ‘সামাজিক ন্যায়কে যেন জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে।’ শুক্রবার খরা এবং গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প নিয়ে এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, কোনও অজুহাত নয়, খরা কবলিত মানুষদের কথা ভেবে এখনই ১০০ দিনের কাজের জন্য বকেয়া এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। অর্থ নেই, এই যুক্তিতে খরা কবলিত এলাকায় ত্রাণের কাজে রাজ্যগুলি দেরি করছে বলে অভিযোগ উঠেছে।
তো শ্রোতাবন্ধুরা! এই ছিল আজকের মতো। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
রেডিও তেহরান/নাসির মাহমুদ/১৩