মে ১৬, ২০১৬ ১৬:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১৬ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

বহির্বিশ্বে বিএনপিকে কোণঠাসা করতে চায় সরকার - প্রথম আলো

যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে চাঞ্চল্যকর খুনের সম্পর্ক আছে: ডিআইজি-প্রথম আলো

শিশুকে ধর্ষণের পর হাত-পা বেঁধে সেপটিক ট্যাংকে ফেলে হত্যা- যুগান্তর

কালকিনিতে মন্দিরে আগুন, মূর্তি ভাংচুর –বাংলাদেশ প্রতিদিন

বিএনপি নেতা আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড- কালের কন্ঠ

'আসলাম চৌধুরীকে সরকার ষড়যন্ত্র করে গ্রেপ্তার করেছে-কালের কন্ঠ

সরকার কোন নীল নকশা ধরে এগুচ্ছে? : প্রশ্ন খালেদা জিয়ার- কালের কন্ঠ

মিরপুরে বিহারি উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার নির্দেশ-সমকাল

বিশিষ্ট কলামিস্ট সাদেক খান আর নেই- নয়া দিগন্ত

সীমান্তে হত্যার ঘটনা যৌথ তদন্ত করবে বাংলাদেশ-ভারত-ইত্তেফাক

কোলকাতা:

দক্ষিণের তিন রাজ্যে ভোটগ্রহণ - আনন্দবাজার

মায়ের সঙ্গে ঠোঙা বানিয়েও মাধ্যমিকে ৬০৪, ডাক্তার হতে চায় বাঁশবেড়িয়ার রাইমা- দৈনিক বর্তমান

শিয়রে ভোটের ফল: সিপিএমের মনোবল তলানিতে- দৈনিক সংবাদ প্রতিদিন

ডাইনি অপবাদে ৩ মহিলা খুনে ৭ জনের মৃত্যুদণ্ড-এইসময় অনলাইন

গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে সরানো হতে পারে আনন্দীবেন প্যাটেলকে-দৈনিক আজকাল

তো পাঠক ! এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি।

কোত্থেকে ফাঁস হচ্ছে প্রশ্ন?- প্রথম আলো

বাংলাদেশে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের বিষয়টি সাম্প্রতিককালে অনেকটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে বলে মিডিয়ার খবরে দেখা যায়। আজ এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের শিরোনাম এরকম- কোত্থেকে ফাঁস হচ্ছে প্রশ্ন?

এ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হলেও চক্রটির উৎস বের করতে পারছে না সরকার। এতে বন্ধ হচ্ছে না প্রশ্ন ফাঁস। অভিযোগ উঠেছে, চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভিন্নমাত্রায় প্রশ্ন ফাঁস হচ্ছে পরীক্ষার দিন সকালে।

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা বলছেন, পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টা খানেক আগে প্রশ্নপত্রের প্যাকেট খুলে কিছু অসাধু শিক্ষক মুঠোফোনে ছবি তুলছেন। তারপর পরীক্ষাকেন্দ্র থেকে ছবিগুলো ছড়িয়ে দিচ্ছেন ভাইভার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপসের মাধ্যমে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের নির্ধারিত কিছু আইডির মাধ্যমে প্রশ্নপত্র মুহূর্তে ছড়িয়ে পড়ছে। কিন্তু কোত্থেকে ফাঁস হচ্ছে, তা বের করতে পারছেন না তাঁরা।

এ বিষয়ে ব্যবস্থা নিতে ২ মে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা চাওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না।

তবে প্রশ্ন ফাঁসের বিষয়টি শিক্ষা ক্ষেত্রে খুব বড় একটি বিপর্যয় সৃষ্টি করবে বলে মনে করেন শিক্ষাবিদরা। এ বিষয়টির সমাধানে সরকারসহ সব মহলের অধিক সচেতন হওয়ার দরকার বলেও মনে করেন শিক্ষাবিদরা।

........

সীমান্তে হত্যার ঘটনা যৌথ তদন্ত করবে বাংলাদেশ-ভারত-ইত্তেফাক

বাংলাদেশের জন্য সীমান্ত হত্যার বিষয়টি খুবই জটিল একটি সমস্যা।প্রায়ই নির্বিচারে বিএসএফ দ্বারা সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটছে।অনেক দেনবার করেও তার সুরাহা আজো হয়নি। তবে এ সম্পর্কিত আজকের একটি খবরের শিরোনাম; সীমান্তে হতাহতে যৌথ তদন্ত করবে বিজিবি-বিএসএফ। দৈনিক যুগান্তরসহ প্রায় সব জাতীয় দৈনিকে খবরটি প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, সীমান্তে কেউ হতাহত হলে যৌথভাবে তদন্তে সম্মত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে ছয় দিনব্যাপী ৪২তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, এখন থেকে সীমান্তে হত্যাকাণ্ডসহ যেকোনো ধরণের ঘটনায় তদন্ত প্রয়োজন হলে যৌথভাবে হবে। আগে দু'পক্ষ দুই ধরনের বক্তব্য দিত। কিন্তু এখন থেকে আর সে রকম কিছু হবে না। তিনি আরো বলেন, যে কোনো ঘটনায় বাংলাদেশ ও ভারতের সাংবাদিকরাও থাকবেন। তারা তাদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন। তারা সঠিক বিষয়টি তুলে ধরবেন। চুয়াডাঙ্গায় সজল নামে এক বাংলাদেশি কিশোর বিএসএফের গুলিতে নিহত হওয়ার ঘটনায় বিজিবি প্রধান বলেন, আমরা সব সময়ই সীমান্ত হত্যাকে জিরো টলারেন্সে নামিয়ে আনার নীতিতে বিশ্বাস করি। এ ধরণের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আশা করছি এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ওই ঘটনায় একজন অফিসারসহ মোট ৭ জনকে সাসপেণ্ড করা হয়েছে। ঘটনায় যৌথ তদন্ত হবে।

.......

শিশুকে ধর্ষণের পর হাত-পা বেঁধে সেপটিক ট্যাংকে ফেলে হত্যা-যুগান্তর

বাংলাদেশে ধর্ষণ এখন একটি অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই মিডিয়াতে শিশু ও নারী ধর্ষণের খবর দেখা যায়। আজকের যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকের খবর- মহানগরীর দক্ষিণখান পূর্বপাড়া এলাকায় সাদিয়া নামে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে জয়দেবপুর থানার পুলিশ বাড়ির পাশে একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার কুষ্টিয়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে গিয়ে একটি আবাসিক হোটেলে মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম তার বিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষিকাকে ধর্ষণ করে। সোমবার দুপুরে অভিযুক্ত ধর্ষক প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

......

নিত্যপণ্যের দাম বাড়ানোর নয়া কৌশল-মানবজমিন

দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে দৈনিক মানবজমিন অলনাইন লিখেছে, রোজা আসতে এখনও প্রায় এক মাস বাকি। কিন্তু এবার বেশ আগেভাগেই নানা কূটকৌশলে ভোগ্যপণ্যের দাম বাড়ানো শুরু করেছেন ব্যবসায়ীরা। বাজারে পিয়াজ, রসুন, ছোলা, খেজুর, চিনি, লবণ, বেগুন, ডাল, সুগন্ধি চালসহ বেশকিছু নিত্যপণ্যের দাম বাড়াতে নতুন কৌশল নিয়েছেন ব্যবসায়ীরা। গত কয়েক বছর সরকার রমজানে বাজার স্থিতিশীল রাখতে কঠোর অবস্থান নেন। এ কারণে ব্যবসায়ীরা কৌশল পরিবর্তন করেছেন। তারা আগেই সব পণ্যের দাম বাড়িয়ে রমজানে স্থিতিশীল রাখার পরিকল্পনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে, রোজা সামনে রেখে অতিরিক্ত মুনাফা করার আশায় ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এক মাস আগে থেকে পরিকল্পিতভাবে পণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মনিটরিং সেল না থাকায় এটা সম্ভব হচ্ছে বলে ক্যাব মনে করে।

.......

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

মমতা কি ফের নবান্নে আসছেন-আনন্দবাজার

দৈনিক আনন্দবাজারের খবর-মমতা কি ফের নবান্নে আসছেন? নাকি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকারই হতে চলেছে এ রাজ্যে? ছয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে গত ৫ মে। মাঝে মাত্র আর দুদিন। তার পরেই ফল প্রকাশ। কে জিতবে? হারবেই বা কোন পক্ষ? এ প্রশ্নে আপাতত জল্পনার অন্ত নেই।

কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আজ সোমবার নির্বাচন। সেই ভোট পর্ব মিটতেই এ দিন সন্ধ্যা থেকে সামনে আসতে শুরু করবে বিভিন্ন সংস্থার করা বুথ ফেরত সমীক্ষা। বুথ ফেরত সমীক্ষার ফল সব সময় না মিললেও দুধের স্বাদ আপাতত এগজিট পোলের ঘোলে মেটানোর অপেক্ষাতেই সাধারণ মানুষ।

যাদবপুর নিয়ে নিজের মন্তব্যে অনড় দিলীপ ঘোষ- সংবাদ প্রতিদিন

সংবাদ প্রতিদিন পত্রিকার খবর-যাদবপুর নিয়ে নিজের মন্তব্যে অনড় রইলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রবিবার দিলীপবাবু বলেন, “অনেকে আমার বক্তব্যের সমালোচনা করছেন৷ তাতে আমার কিছু করার নেই৷ আমি যা বলেছি জেনে বুঝেই বলেছি৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাস্তব চিত্রটাই তুলে ধরেছি৷” সিনেমা কাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আচরণের প্রসঙ্গে শনিবার বিজেপি সভাপতির বিতর্কিত মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ তিনি বলেছিলেন, যাদবপুরের ছাত্রীরা বিজেপির-চোখে ‘বেহায়া।

তো পাঠক ! আজকের কথাবার্তার আসরে এইছিল সর্বশেষ খবরের গুরুত্বপূর্ণ অংশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।#

গাজী আবদুর রশীদ/১৬