নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদক-বিক্রেতা চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ উৎপাদন ও বাজারজাতকারী অসাধু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলনসহ (পবা) পরিবেশবাদি ১০টি সংগঠন।
এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে আজ (শনিবার) সকাল ১১ টায় শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে "নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই" দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভেজাল ও নকল ঔষধ এই শিল্পের উন্নয়ন ও প্রসারে এক বিরাট অশনিসংকেত। পরিসংখ্যান মতে, দেশীয় বাজারে ভেজাল ও নকল ঔষধের বার্ষিক বিক্রয় প্রায় ১.৫ হাজার কোটি টাকার উপর। এই বিরাট অংকের ভেজাল ঔষধের বিক্রি থেকে সহজে অনুমান করাযায় বিশ্ববাজারে বাংলাদেশের উৎপাদিত ঔষধের সুনাম থাকলেও দেশীয় বাজারে চলছে চরম অনিয়ম ও দুর্নীতি। এইসব ভেজাল ও নকল ঔষধ বাণিজ্যের ফলে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়ছে। ভেজালঔষধের ফলে রোগীর স্বাস্থ্যঝুঁকি ও প্রাণহানির ঘটনাও ক্রমশ বেড়ে চলেছে।
বক্তারা আরো উল্লেখ করেন, দেশে বিভিন্ন সময় পরিচালিত অভিযানে নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারীদের গ্রেপ্তার করা হলেও বন্ধ হচ্ছে না নকল ওষুধ উৎপাদন বিক্রি। ড্রাগস আইনে নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান আছে ১০ বছরের কারাদণ্ড। বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মামলা হবার পরও তদন্তকারী র্কমর্কতাদের প্রভাবিত এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা আইনের ফাঁক-ফোকর দিয়ে অনেক ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যায় বা লঘু দণ্ড পেয়ে থাকে।
'পরিবেশ বাঁচাও আন্দোলন' পবা’র চেয়ারম্যান আবু নাসের খান এ প্রসঙ্গে রেডিও তেহরানকে বলেন, এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকারের নিকট আট দফা সুপারিশ পেশ করেছে পরিবেশবাদী এবং জন-স্বাস্থ্য সচেতন বিশেষজ্ঞগণ।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন পবা’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.আবদুস সোবহান, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক মাহবুল হক, বিডিক্লিকের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, সামাজিক শক্তির সভাপতি মো: হাবিবউল্লাহ, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট-এর প্রধান সমন্বয়ক রোজিনা আক্তার, পুরান ঢাকা নাগরিক উদ্যোগ-এর সভাপতি নাজিমউদ্দীন, সামাজিক আন্দোলন সংস্থার সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির হীরু, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারন সম্পাদক মেনন চৌধুরি, দেবীদাসঘাট সমাজকল্যাণ সংসদের সভাপতি মো: মুসা, পরিস্কার ঢাকা-এর সমন্বয়ক মো: শাজাহান,বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলনের সভাপতি প্রকৌশলী মো: আনোয়ার হোসেন প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।