আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসাদ-গেটে মানব-বন্ধন
https://parstoday.ir/bn/news/bangladesh-i101094-আন্তর্জাতিক_মানবাধিকার_দিবসে_আসাদ_গেটে_মানব_বন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর আসাদগেট এলাকায় মানব-বন্ধন করেছে মানবাধিকার  সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ১০, ২০২১ ১৬:১৭ Asia/Dhaka
  • আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসাদ-গেটে মানব-বন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর আসাদগেট এলাকায় মানব-বন্ধন করেছে মানবাধিকার  সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)।  

এ সময়  দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে আসক কর্মকর্তারা জানান,  গত এক বছরে আগের  বছরের মতো বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুমের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন, মতপ্রকাশ ও মুক্তচিন্তার ওপর আঘাত, নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণসহ নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত না হওয়া, ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতা, বিচারের দীর্ঘসূত্রতা, দুর্নীতির আধিক্য প্রভৃতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার বিধানের ক্ষেত্র সংকুচিত করে তুলছে।

মানব বন্ধনে আসকের পরিচালক নিনা গোস্বামী বলেন, দেশের প্রচলিত বিচারব্যবস্থার পাশাপাশি অন্য রকম বিচারব্যবস্থা চালুর প্রয়াস চলছে। নির্যাতন, গুম, ক্রসফায়ারের মতো বিচার-বহির্ভূত হত্যা বন্ধ করতে হবে। 

মানব বন্ধনে  এ যাবত  সংঘটিত সব গুম,  অপহরণ ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনসহ দেশে মানবাধিকার নিশ্চিত করতে ১৮ দফা দাবি তুলে ধরা হয়।  

দাবী গুলোর মধ্যে আছে গণমাধ্যম ও নাগরিকদের মতপ্রকাশের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইনে প্রয়োজনীয় সংশোধন,  নাগরিকের সমবেত হওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ধর্মীয় উত্তেজনা তৈরি করে কোনো সহিংসতার ঘটনা যেন না ঘটে তার জন্য পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানো হয়। 
আসক দাবি করেছে, ধর্মীয় উত্তেজনা তৈরি করে সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের নিজ বিশ্বাস ও রীতি চর্চার অধিকার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আসকের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির বলেন, দেশের মানবাধিকার ও সুশাসনকে সামনে রেখে এসব দাবি করা হয়েছে। তিনি প্রত্যাশা করেন সরকার এ সব দাবী  মেনে নেবে ও তা বাস্তবায়ন করবে। #

পার্সটুডে/এআরকে/১০