খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতির পদক্ষেপ চেয়ে হাইকোর্টে রিট
-
হাসপাতালে খালেদা জিয়া
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে আইনসচিব, মন্ত্রী পরিষদসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব, রাষ্ট্রপতির সচিবালয়ের সচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়েছে।
আজ (সোমবার) অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান আইনজীবী।
সংবিধান, ফৌজদারি কার্যবিধি ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে রিটে।
আইনজীবীর পাঠানো রিটের প্রার্থনায় দেখা যায়, দণ্ডবিধির ৪০১(১), সংবিধানের ১১, ৩২ ও ৩৯ অনুচ্ছেদের পাশাপাশি জাতিসংঘের সর্বজনীন ঘোষণার আর্টিকেল ৩, ৫, ১১ ও ১৩(২)-এর অধীনে উন্নত চিকিৎসার জন্য দণ্ডিত খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতির জন্য বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
রুল হলে তা বিচারাধীন অবস্থায় দণ্ডবিধির বিধান, সংবিধান, জাতিসংঘের সর্বজনীন ঘোষণার অনুচ্ছেদ ও আর্টিকেল অনুসারে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে অনুমতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট করার কারণ প্রসঙ্গে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আমি নিজের দায়িত্ব থেকে একজন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছি। কারও প্ররোচনায় বা কারও স্বার্থে এ রিট দায়ের করিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি থেকে নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ঢাকা পোস্টকে বলেন, এ রিট দায়েরের সাথে বিএনপির দলীয় ও আইনজীবীদের কোনো সম্পর্ক নেই। ইউনুছ আলী আকন্দ হয়ত ব্যক্তিগতভাবে করেছেন।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তাঁর পরিপাকতন্ত্রে একাধিকবার রক্তক্ষরণ হয়েছে।
তাঁর চিকিৎসার জন্য গঠিত হাসপাতালের মেডিকেল বোর্ড অবিলম্বে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করেছে বলে জানানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে আসছে বিএনপি ও তার পরিবার। তবে, এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০