কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি আশিক গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i101742-কক্সবাজারে_নারী_পর্যটককে_সংঘবদ্ধ_ধর্ষণের_প্রধান_আসামি_আশিক_গ্রেফতার
বাংলাদেশের কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২১ ২০:৩২ Asia/Dhaka
  • প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক
    প্রধান আসামি আশিকুল ইসলাম আশিক

বাংলাদেশের কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মূলহোতা ও প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। 

পুলিশের তথ্য অনুযায়ী, আশিকের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ নানা অপরাধে ১৬টি মামলা রয়েছে। একটি ছিনতাই মামলায় তিনি গত ১৬ ডিসেম্বর জামিনে কারাগার থেকে বের হন।

এর আগে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে এই মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছিল ট্যুরিস্ট পুলিশ। তাদের কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিন জনকে গ্রেফতারের কথা জানান ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রামের বিভাগের অতিরিক্ত ডিআইজি মোসলেম উদ্দিন।

তিনি বলেন, পর্যটক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মামলার এজাহারে যে তিনজন অজ্ঞাতনামা আসামি রয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- শহরের বাহারছড়া এলাকার রেজাউল করিম প্রকাশ শাহাব উদ্দিন, মেহেদী হাসান ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার মামুনুর রশিদ। 

ডিআইজি বলেন, ধর্ষণের মূলহোতা ও মামলার এজাহারভুক্ত আসামিদের ধরার জন্য পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে মূল অপরাধীরা আইনের আওতায় আসবে। 

তার দাবি, গত শুক্রবার বিকালে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে ভুক্তভোগি ও ধর্ষণের শিকার গৃহবধূ যে জবানবন্দি দিয়েছেন সেখানে এই তিন জনের নাম রয়েছে। 

এদিকে গৃহবধূর ভাষ্যমতে, গত বুধবার বিকালে সৈকতের লাবনী পয়েন্টে স্বামী সন্তান নিয়ে তারা বেড়াতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়। এ সময় আরেকটি সিএনজি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।

এরপর তাকে নেওয়া হয় কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে কক্ষ বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে র‌্যাব এসে তাকে উদ্ধার করে।

চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভিকটিমের স্বামী। 

এজাহারভুক্ত আসামিরা হলেন- আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।

টুরিস্ট পুলিশকে মামলার তদন্তভার দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে জিয়া গেস্ট ইনের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটনকে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করেছে র‌্যাব।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।