খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
https://parstoday.ir/bn/news/bangladesh-i101756-খালেদা_জিয়ার_বিদেশে_চিকিৎসার_বিষয়ে_আইন_মন্ত্রণালয়ের_সুপারিশ_স্বরাষ্ট্র_মন্ত্রণালয়ে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২১ ১২:৩৯ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ‘আগের আবেদনের ধারাবাহিকতায় খালেদা জিয়ার ভাই আবারও যে আবেদন করেছেন, সেই আবেদনের ব্যাপারে আমাদের আইনি মতামত দিয়ে আমরা এটি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। ’

কী মতামত দিয়েছেন, জানতে চাওয়া হলে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে, এজন্য এটা এভাবে বলতে পারি না। এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।’

খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে : রিজভী

এদিকে, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী: তথ্যমন্ত্রী

অন্যদিকে, বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।

ড. হাছান মাহমুদ

খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া সরকারি আদেশে মুক্ত থাকার মধ্যে এখন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় বিএনপি। কিন্তু সরকারের সায় এখনও পায়নি। #

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।