বাংলাদেশ ও আমিরাত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত, ৪ সমঝোতা স্মারক সই
https://parstoday.ir/bn/news/bangladesh-i104964-বাংলাদেশ_ও_আমিরাত_দ্বিপাক্ষিক_সম্পর্ক_জোরদারে_সম্মত_৪_সমঝোতা_স্মারক_সই
পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৯, ২০২২ ০৮:০৮ Asia/Dhaka
  • পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত
    পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত

পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত।

গতকাল (মঙ্গলবার) বিকেলে দুবাই প্রদর্শনী কেন্দ্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দ্বিপাক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক সই হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

চারটি সমঝোতা স্মারক হলো- উচ্চতর শিক্ষা এবং বিজ্ঞান গবেষণা বিষয়ে সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্সের (ইসিএসএসআর) মধ্যে একটি সমঝোতা স্মারক; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজ (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার একটি সমঝোতা।

বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের  বৈঠক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, বৈঠকে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুই দেশের মধ্যে এমিরেটস ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করছে। তিনি বলেন,আমরা এই লক্ষ্যে আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিপুল পরিমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানায়। সেখানে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করা হয়। সফর শেষে আগামী ১২ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।