র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল বিষয়: ভিক্টোরিয়া নুল্যান্ড
https://parstoday.ir/bn/news/bangladesh-i105454-র_্যাবের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_একটি_জটিল_বিষয়_ভিক্টোরিয়া_নুল্যান্ড
বাংলাদেশে এলিট ফোর্স হিসেবে অভিহিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জটিল। এই নিষেধাজ্ঞা সহসাই উঠছে না- এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২০, ২০২২ ১৪:২২ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ বিন মোমেন ও ভিক্টোরিয়া নুল্যান্ড
    যৌথ সংবাদ সম্মেলনে মাসুদ বিন মোমেন ও ভিক্টোরিয়া নুল্যান্ড

বাংলাদেশে এলিট ফোর্স হিসেবে অভিহিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জটিল। এই নিষেধাজ্ঞা সহসাই উঠছে না- এমন ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন।

এ বিষয়ে ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড আজ বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি জটিল বিষয়। তবে, বাংলাদেশ সরকার এ বিষয়টি উত্থাপন করেছে। র‍্যাবের ব্যাপারে আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। নিষেধাজ্ঞা পরবর্তী তিন মাসে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তন এসেছে সেই অগ্রগতি সংক্রান্ত প্রতিবেদন (নন-পেপার) যুক্তরাষ্ট্রকে শেয়ার করা হয়েছে।

তিনি আরও বলেন, ' তারা এ বিষয়ে কী কী উদ্যোগ নিয়েছে তা জানিয়েছে এবং র‍্যাবের কার্যক্রমের আরও উন্নয়নের জন্য কী পরিকল্পনা হাতে নিয়েছে, তা আমাদেরকে দেখিয়েছে।' আগামী দিনগুলোতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখব।'

বৈঠকে অস্ত্র বিক্রির পথ সুগম করতে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া)-এর খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, ইন্দো প্যাসিফিকের অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায়।

এর আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

মাসুদ বিন মোমেন বলেন, গণতান্ত্রিক চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় ও ব্লু ইকোনমিতে সম্ভাব্য সহযোগিতা গভীর করার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভিক্টোরিয়া নুল্যান্ড তার পাঁচদিনের বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরে নাগরিক সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু

ওদিকে, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি সহায়তা কার্যক্রমের উপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দ্বিপাক্ষিক অনুশীলন শুরু হয়েছে। আজ (রোববার) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট ট্রেনিং (বিপসটে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এতে আরও বক্তব্য রাখেন, বিপসটের কমান্ডেন্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ড মেজর জেনারেল মাইকেল ই. স্টেনসেল।

প্রতিকূল নিরাপত্তা পরিবেশে পরিস্থিতির সঠিক মূল্যায়ন, কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও আকস্মিকভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ব্যবস্থা নিতে অংশগ্রহণকারীদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এ অনুশীলন মহড়া আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক্সারসাইজ টাইগার লাইটিং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে। বাস্তব অভিজ্ঞতা থেকে শেখার জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো ক্ষেত্র। বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৈরী পরিবেশে সফল অভিযান পরিচালনার ইতিহাস রয়েছে। অনুশীলনে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনী লাভবান হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিধান, সন্ত্রাস দমন ও দুর্যোগ ব্যবস্থাপনায় নিবিড় সম্পর্ক রয়েছে। দ্বিপাক্ষিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের লক্ষ্য নিয়ে ২০১৭ ও ২০২১ সালে যুক্তরাষ্ট্রে টাইগার লাইটিং ১,২ আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় তৃতীয় অনুশীলন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। যৌথ এ অনুশীলন চলবে ৩১ মার্চ পর্যন্ত।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।