‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা ও বিএনপি ধ্বংসের ষড়যন্ত্র চলছে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i10711-খালেদা_জিয়াকে_রাজনীতি_থেকে_দূরে_রাখা_ও_বিএনপি_ধ্বংসের_ষড়যন্ত্র_চলছে’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৬ ০৭:১৯ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (সোমবার) সকালে জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলানগরে তার মাজারে খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনকে বিভিন্ন মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে। একই সঙ্গে বিএনপিকে ধ্বংস করারও ষড়যন্ত্র চলছে। তবে, এই চেষ্টা সফল হবে না। কারণ বিএনপি গণমানুষের দল। জনগণের অধিকার আদায়ে সব সময় আন্দোলন-সংগ্রাম করেছে এবং সফল হয়েছে।

তিনি বলেন, বিএনপি যখন গঠিত হয়েছে, তখন থেকে জিয়ার আদর্শে পথ চলা শুরু করেছে। বিএনপি জিয়ার আদর্শে বিশ্বাসী।

বিএনপি মহাসচিব আরও বলেন, জিয়া বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আজকে দেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি তার ভিত্তি স্থাপন জিয়াউর রহমানই করেছেন।

বেলা সাড়ে ১১টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে যান খালেদা জিয়া । এ সময় প্রথমে ফুল দিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান তিনি। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি চেয়ারপারসনসহ দলের নেতাকর্মীরা।

১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৫৩ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৫৫ সালে কমিশন পান। ১৯৬৬ সালে তিনি কাবুলে পাকিস্তান সামরিক একাডেমিতে ইন্সপেক্টর হন এবং একই বছর শেষদিকে কোয়েটা স্টাফ কলেজে যোগদান করেন। ১৯৭০ সালের অক্টোবরে নবগঠিত অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব দিয়ে তাকে পাঠানো হয় চট্টগ্রামে। জেড ফোর্সের অধিনায়ক হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের পর তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা বিপ্লবের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭-এর ২১ এপ্রিল। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনখানি, মিলাদ মাহফিল, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ তিন দিনব্যাপী নানা কর্মসূচি নিয়েছে বিএনপি।#

পার্সটুডে/এআর/৩০