পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জুমের খেতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের জুমের খেতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়াসহ চলমান নানা ধরনের সহিংস তৎপরতা এবং ভূমি দখলের ঘটনা উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন (সিএইচটি কমিশন) নামের একটি আন্তর্জাতিক সংগঠন।
পার্বত্য চট্টগ্রামের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনটি বান্দরবানের লামায় পাহাড়িদের জুমের খেতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, পাহাড়িদের সুরক্ষা ও নিরাপত্তা দিতে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে সরকার।
সম্প্রতি বান্দরবানের লামা উপজেলার সরাই ইউনিয়নের লাংকম ম্রো পাড়ায় একটি রবার কোম্পানি গত মঙ্গলবার পাহাড়িদের প্রায় এক শ একর জুমের জমি আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামে ভূমি দখলের চেষ্টা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়া, লামায় পাহাড়িদের জুমচাষের জমিতে রবার কোম্পানির লোকজনের আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয় । সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া এ ঘটনায় ভুক্তভোগী পাহাড়িদের দ্রুত খাদ্যসহায়তা দেওয়া এবং পাহাড়ি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সিএইচটি কমিশনের তিন কো চেয়ারপারসন সুলতানা কামাল, এলসা স্ট্যামটোপৌলো এবং মিরনা কানিংহাম কেইন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।