নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি ভোলেনি সরকার: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i110066-নির্বাচনী_ইশতেহারে_দেওয়া_প্রতিশ্রুতি_ভোলেনি_সরকার_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দাবি করেছেন, নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ০৩, ২০২২ ১৪:৩১ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দাবি করেছেন, নির্বাচনের সময় জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় বসে সরকার যেসব প্রতিশ্রুতি ভুলে যায়নি।

আজ (রোববার) মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে ক্ষমতায় রয়েছি বলেই মানুষের জীবনমানের অনেক পরিবর্তন এসেছে।

করোনার মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, বিনা পয়সায় উন্নত দেশগুলো করোনা পরীক্ষা এবং ভ্যাকসিন দেয়নি। কিন্তু আমরা সেটা দিতে পেরেছি। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। উন্নত দেশগুলোতে টাকা দিয়েই সব করতে হয়েছে। সেখানে আমরা বিনা পয়সায় দিয়েছি। সকলকে টিকা দিয়েছি। এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে আমি আশা করি সকলে সেই বুস্টার ডোজ নেবে।

করোনা ও ইউক্রেন যুদ্ধের মাঝেও সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার কারণে দেশ এগিয়ে চলছে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধ ও বন্যা মোকাবিলা করার প্রতিটি কাজ আমরা বাস্তবায়ন করছি। আশা করি এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা আরও সাফল্য অর্জন করতে পারব।

তবে বিরোধী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণের সম্পদ লোটপাটকারী বর্তমান সরকারকে ছাড় দেয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রভাবমুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে। মনে রাখতে হবে, যেদিন বিএনপি নেতাকর্মীরা ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে আসব।

রোববার দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাল্লা উপজেলা বিএনপি ও  অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নিপুণ রায়, জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ কলিমউদ্দিন আহমেদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম। সভা শেষে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ওদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না। তখন মগের মুল্লুকের মতো যা মনে চায় তাই করা যায়। আর এই সরকার তাই করছে। সেজন্য এই শাসনব্যবস্থাকে উল্টিয়ে দিতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা অন্ধকার যুগে বাস করছি। এই অন্ধকার থেকে দেশকে সভ্যতায় ফিরিয়ে আনতে হবে।

গতকাল শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা-মামলা, অত্যাচার চলছে যে এর আগে কোনোদিন এরকমটা হয় নাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে, সেটা হবে গণতন্ত্রের পক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা মামলা নির্যাতন হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।