বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের নতুন সময়সূচি চালু, 'সেবা দানে কোনো অসুবিধা হবে না'
https://parstoday.ir/bn/news/bangladesh-i112342-বিদ্যুৎ_সাশ্রয়ে_অফিসের_নতুন_সময়সূচি_চালু_'সেবা_দানে_কোনো_অসুবিধা_হবে_না'
বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে নতুন নিয়মের প্রথমদিন আজ  সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো অফিসে চলে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৪, ২০২২ ১২:৪১ Asia/Dhaka
  • প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
    প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

বাংলাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে নতুন নিয়মের প্রথমদিন আজ  সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সময়মতো অফিসে চলে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ (বুধবার) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর এক অনুষ্ঠানের আয়োজন করে।

বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে বুধবার থেকে সময় কমিয়ে নতুন নিয়মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সূচি নির্ধারণ করছে সরকার। কর্মকর্তারা-কর্মচারীরা এই নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিসে কর্তব্য পালন করছেন।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি অফিসের সময় কমানোতে কোনো কাজ জমে থাকবে না ও সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।  আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সময় কমিয়ে অফিসের এ ব্যবস্থা চলবে।  

লোডশেডিং করে বিদ্যুৎ সাশ্রয় করেছে: নসরুল হামিদ

এদিকে, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ (বুধবার) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা লোডশেডিং দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ (স্বল্পতা) ছিল, ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালান্স করার চেষ্টা করছি। ব্যালান্স করে আমরা সাশ্রয় করতে পারছি।’

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বেলা ৩টা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। ব্যাংকের লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছে। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন।

এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আগের প্রবণতা ছিল, সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ত। এখন দেখলাম, সকাল ৯টা থেকে বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে ডেসকোর (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড) রিকোয়ারমেন্ট (চাহিদা) প্রায় ১ হাজারের ওপরে চলে গেছে। তার মানে শহরের ভেতরে ডেসকো ও ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে) পিক আওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে।

নসরুল হামিদ বলেন, ‘আমরা চাচ্ছি, সন্ধ্যা থেকে পিক আওয়ারটা যাতে দিনের বেলায় চলে আসে। তাহলে একটা ব্যালান্স করতে পারব। আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটা ভালো হয়, তাহলে অন্তত বিদ্যুতের ব্যালান্সটা ঠিক করতে পারব।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, আজ থেকে আগামী ১৫ দিন মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে।

প্রয়োজনে মন্ত্রীদের বাসাতেও লোডশেডিং দেওয়া হোক—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের ব্যাপারে নসরুল হামিদের দৃষ্টি আকর্ষণ করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, সবার বাসায়ই তো লোডশেডিং চলছে। কেউ বাদ যাচ্ছে না।

সকাল ৯টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু

বিদ্যুৎ সাশ্রয় করতে এক ঘণ্টা এগিয়ে এনে সকাল ৯টা থেকে ব্যাংকিং কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আজ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুর ও ধানমন্ডির বেশ কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক ঘুরে দেখা গেছে, এসব ব্যাংক সকাল ৯টার মধ্যেই গ্রাহকদের লেনদেনের জন্য খুলে দেওয়া হয়েছে। ব্যাংকের মূল শাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং শাখাও ৯টার মধ্যে খুলতে দেখা গেছে।

অধিকাংশ ব্যাংকেই সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোনো কোনো ব্যাংকে কিছু কর্মকর্তার আসতে দেরি হয়েছে। আজ কার্যক্রম শুরুর প্রথম ঘণ্টায় অন্য দিনের তুলনায় গ্রাহকের সংখ্যা অনেক কম ছিল বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা।

বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং সময় এগিয়ে এনে খুব একটা লাভবান হওয়া যাবে না। বরং সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্তে তাঁদের ব্যক্তিগত জীবনযাপনে প্রভাব পড়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫