নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ: গুলিবিদ্ধ ২ নেতা-কর্মীর মৃত্যু
-
শাওন মাহমুদ ওরফে আকাশ
বাংলাদেশে নারায়ণগঞ্জ শহরের রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা-কর্মী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু জানান, সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক খান সুজন ও ফতুল্লার এনায়েতনগরের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা শাওন পুলিশের গুলিতে মারা গেছেন।
জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে বাধা দেয় পুলিশ। শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীদের দাবি, বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা শুরু করেছে পুলিশ। এর পরপরই সংঘর্ষ শুরু হয়। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশও রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছোড়ে। এ ঘটনায় বিএনপির নেতা-কর্মী, পুলিশ, সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন।

গুলিবিদ্ধ শাওনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া হাসপাতাল) নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তুলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক ফারুক হোসেন সুজনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম বলেন, ‘সড়কে নেমে বিশৃঙ্খলা করতে চাইলে প্রথমে তাদের বাধা দেয়। কিন্তু তারা বাধা উপেক্ষা করে পুলিশের ওপর ইটপাকেল নিক্ষেপ করে। সড়কে আগুন জ্বালিয়ে দেয়।’
পার্সটুডে/আশরাফুর রহমান/১