আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিক
-
মুশফিকুর রহিমের ফেসবুক স্ট্যাটাস
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, 'সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা।’
অভিজ্ঞ ক্রিকেটার লিখেন, ‘টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’
এদিকে, মুশফিকের বিদায়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় মুশফিক! তোমার এই বিদায়ের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক একটি ব্যাপার। টি-টোয়েন্টিতে তোমার যত অর্জন এবং ভালো ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল। তোমার সতীর্থ হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পেরে আমি আনন্দিত। তোমার পারফরম্যান্স ও নৈতিকতা সবসময় যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণামূলক হবে।’
সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
এশিয়া কাপে ব্যাট হাতে এবং ফিল্ডিংয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন মুশফিক। আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন। আর শ্রীলঙ্কার বিপক্ষে উইকেটের পেছনে তার ভূমিকা নিয়েও সমালোচনা হয়েছে বিস্তর। তাসকিন আহমেদের বলে কুশল মেন্ডিসের ক্যাচ ছেড়েছেন, আবার এবাদত হোসেনের বলে লঙ্কান ব্যাটসম্যানের পরিস্কার এজ ঠাহর করতে পারেননি। সব সমালোচনার ইতি টেনে অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেটকেই বিদায় বলে দিলেন তিনি।
২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।