ভারতে মার্কিন ডলারের বিপরীতে টাকার মুল্য পতনে মায়াবতীর উদ্বেগ প্রকাশ
-
মায়াবতী
ভারতে মার্কিন ডলারের বিপরীতে টাকার মুল্য সর্বনিম্ন পর্যায়ে যাওয়ায় উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, ‘ভারতীয় টাকার মূল্যের ক্রমাগত পতন অত্যন্ত সংবেদনশীল বিষয়।’ তিনি আজ (শনিবার) ওই মন্তব্য করেন।
মায়াবতী বলেন, ‘দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমাগত কমার খবর এখন মানুষকে বিচলিত করছে। এমন পরিস্থিতিতে ভারতের অর্থনীতি সামলাতে এখানকার শিল্পপতি ও ধনী ব্যক্তিদের ভূমিকা কী, তা দেশবাসী জানতে আগ্রহী।’
কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মায়াবতী বলেন, ‘সরকারের কৃপায় ভারতের শিল্পপতিদের ব্যক্তিগত পুঁজির অভূতপূর্ব বৃদ্ধির কারণে, তাদের এখন বিশ্বের ধনীদের মধ্যে গণনা করা হচ্ছে। কিন্তু প্রায় ১৩০ কোটি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনে কোন উন্নতি নেই। দেশের প্রায় ১৩০ কোটি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের কোনো উন্নতি না হওয়া খুবই উদ্বেগের বিষয়। সরকার কীভাবে এই ব্যবধান পূরণ করবে?’
২৮ সেপ্টেম্বর, ভারতীয় টাকা ডলারের বিপরীতে ৮১.৯৩ টাকার স্তরে নেমে গিয়েছিল। ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে প্রতিনিয়ত সরকারকে নিশানা করছে বিরোধীরা। বিএসপি প্রধান মায়াবতী এর আগে বলেছিলেন, ‘বিশ্ববাজারে ভারতীয় টাকার ক্রমাগত পতনের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়ে এবং মনোবলও ভেঙে পড়ে। মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, বেকারত্বের মতো টাকার অবমূল্যায়নের বিষয়টিকে সরকারের হালকাভাবে নেওয়া উচিত নয়।’
এদিকে, বিশেষজ্ঞদের একাংশের মতে, টাকার এই অধঃপতনের অন্যতম কারণ, দেশে বিদেশি লগ্নির পরিমাণে ঘাটতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানে যে তেমন সাড়া মেলেনি, প্রত্যাশা মতো বিদেশি পুঁজি লগ্নির ঢল নামেনি ভারতে, মার্কিন ডলারের তুলনায় টাকার উত্তরোত্তর অধঃপতন তারই ইঙ্গিত দিচ্ছে।
এ নিয়ে বিশেষজ্ঞদের কটাক্ষ, এগিয়ে যাওয়ার রেকর্ড গড়া, ভাঙা নিয়ে খবর হয়, আলোচনা হয় সর্বত্র। কিন্তু মার্কিন ডলারের তুলনায় উত্তরোত্তর দুর্বল হয়ে পড়ে টাকা রোজই নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে! #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।