নির্বাচনকালীন সরকারের দাবিতে এক দফা আন্দোলনের প্রস্তুতি: বিরোধীদের মধ্যে সংলাপ অব্যাহত
https://parstoday.ir/bn/news/bangladesh-i113954-নির্বাচনকালীন_সরকারের_দাবিতে_এক_দফা_আন্দোলনের_প্রস্তুতি_বিরোধীদের_মধ্যে_সংলাপ_অব্যাহত
নির্বাচনকালীন সরকারের দাবিতে এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে মাঠের বিরোধী দল বিএনপি। রাজপথে নামার আগে নিজেদের সাংগঠনিক ভিত্তিকেও  মজবুত  করে নিচ্ছে দলটি।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ০২, ২০২২ ১৩:৪৭ Asia/Dhaka

নির্বাচনকালীন সরকারের দাবিতে এক দফা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে মাঠের বিরোধী দল বিএনপি। রাজপথে নামার আগে নিজেদের সাংগঠনিক ভিত্তিকেও  মজবুত  করে নিচ্ছে দলটি।

বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ  আন্দোলনের  বিষয়ে বিএনপির সংলাপের পাশাপাশি সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে দলটি জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করছে।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং  জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে  ইতোমধ্যে রাজধানীসহ দেশব্যাপী  সমাবেশ  বিক্ষোভ  আয়োজন করার পর  এবার  ১০ বিভাগে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ বিভাগে গণসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন।  কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ১০টি শক্তিশালী টিম। সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি, সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকসহ জেলা নেতাদের রাখা হয়েছে এসব কমিটিতে। টিমগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে।

এদিকে,  বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপের দ্বিতীয় দফা শুরু হচ্ছে আজ থেকে। সরকারের বিরুদ্ধে যারা যুগপৎ আন্দোলন করতে ইচ্ছুক সেসব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির এই সংলাপ। পরবর্তী  দফায় আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতেই এই সংলাপ করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। যুগপৎ আন্দোলনের চূড়ান্ত রূপরেখা  শীঘ্রই জনসমক্ষে  তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলের  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় নেতা কর্মীদের সাথে  মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল শনিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক  সভা অনুষ্ঠিত হয়ে।   এতে চট্টগ্রাম ও খুলনা বিভাগের জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের নেতারা অংশ নেন। সভায়  লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভায়  নিরপেক্ষ ও নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেন উপস্থিত  নেতৃবৃন্দ।  এছাড়াও সাংগঠনিক বিভাগে ঘোষিত সমাবেশে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর সমাবেশ ঘটাতে চায় বিএনপি হাইকমান্ড। একই সঙ্গে জেলা ও মহানগরে কোন কোন্দল থাকলে তা সমাধানের ওপর জোর দেন হাইকমান্ড। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ের পুনর্গঠন শেষ করার বিষয়েও তাগিদ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদিকে, সরকার পতনের আন্দোলন দীর্ঘমেয়াদি না করার ব্যাপারেও বিএনপির হাইকমান্ডকে পরামর্শ দেন তৃণমূলের জ্যেষ্ঠ নেতারা। তারা বলেছেন, বিভাগীয় গণসমাবেশ শেষ করে এক থেকে দেড়মাস মেয়াদি সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। তাহলে আন্দোলনে গতি আসবে। নেতাকর্মীরাও সক্রিয়ভাবে কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবেন।

আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।