উন্নয়ন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে- কাদের : নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে- খসরু
https://parstoday.ir/bn/news/bangladesh-i114282-উন্নয়ন_নিয়ে_বিএনপি_মিথ্যাচার_করছে_কাদের_নির্বাচন_নিয়ে_সরকার_দুঃস্বপ্ন_দেখছে_খসরু
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৯, ২০২২ ১৪:২২ Asia/Dhaka

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি।

আজ (রোববার) নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিকে ভোট দেয়নি, এ অভিযোগে বিএনপি অতীতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছিল। 

ক্ষমতার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন প্রতিরোধ ও প্রতিহতের ঘোষণা না দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করুন। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে, আর কে যাবে না।

এদিকে, প্রধান বিরোধী দল বিএনপি তাদের সমমনা দলগুলোকে নিয়ে সরকার  পতনের আন্দোলনের রূপরেখা ও কর্মসূইচ তৈরির জন্য নিয়মিত আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। শিঘ্রই এসব কর্মসূচি জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

খসরু মাহমুদ চৌধুরী

এর আগে, শনিবার বিকালে মীরপুরের কালসীতে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের কথা বলছেন, ইভিএমের কথা বলছেন, যাওয়া-না যাওয়ার কথা বলছেন। এসব বলতে বলতে নির্বাচনের দিন পার হয়ে যাবে।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা জনগণের উদ্দেশে বলছেন, চেরাগের জন্য তৈরি হোন। কিন্তু বাংলাদেশ চেরাগের জন্য তৈরি হবে না, তার আগে আপনাকে বিদায় নিতে হবে।

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, বিগত দিনে আমাদেরও দোষ আছে, আমরাও সুযোগ দিয়েছিলাম তাদেরকে এরকম একটা নির্বাচনের জন্য। আমাদের নেতা-কর্মীরা কষ্ট পেয়েছেন, প্রাণ দিয়েছেন, কারাগারে গেছেন। দুর্বৃত্তায়নের আরেকটা নির্বাচনের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছিলাম। এবার যারা সেই স্বপ্ন দেখছেন তারা বৃথা স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন আর পূরণ হবার নয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, মানুষ রাস্তায় নেমে গেছে। আমরাও রাস্থায় নেমেছি, বাড়ি ফিরে যাবো না। এই লক্ষ জনতার সামনে যারা দাঁড়াবে তারা জনগণের জোয়ারে ভেসে যাবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯