জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার চেষ্টা করছে বিএনপি: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i114496-জনগণের_কষ্টকে_পুঁজি_করে_রাজনীতি_করার_চেষ্টা_করছে_বিএনপি_ওবায়দুল_কাদের
অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ১৪, ২০২২ ১৬:১৩ Asia/Dhaka

অপরিণামদর্শী বিএনপি নেতারা বৈশ্বিক সংকটের বাস্তবতা অনুধাবন না করেই গলার জোরে কথা বলছেন এবং জনগণের কষ্টকে পুঁজি করে রাজনীতি করার অপচেষ্টা করছে- এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের ভিত্তিহীন, আজগুবি ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

রশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট বিশ্বব্যাপী, বিশ্বের সব দেশই এই সংকট মোকাবিলা করছে এবং আগামীতে সংকট গভীরতর হলে তা কীভাবে মোকাবেলা করবে তার দিশা খুঁজছে, অথচ বিএনপি মহাসচিব এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন সৃষ্ট এই সংকটে তাহলে কি বিশ্বের সব দেশের প্রধানমন্ত্রীই পদত্যাগ করবেন?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। বিশ্বব্যাপী এ সংকট আমাদের সৃষ্ট না হলেও তার প্রভাব বাংলাদেশের উপর পড়েছে।

তিনি আরও বলেন, আগামী বছর থেকে বিশ্বমন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। এই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দূরদর্শী বলেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছেন এবং বেশি করে খাদ্য উৎপাদনের কথা বলেছেন।

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে’ - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙা করতে এমনটা বলছেন।

প্রচলিত প্রবাদ আউড়ে ওবায়দুল কাদের বলেন, শকুনের দোয়ায় যেমন গরু মরে না তেমনি বিএনপির দোয়ায়ও সরকারের পতন হবে না। সরকার পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না। জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে

আমীর খসরু মাহমুদ চৌধুরী

ওদিকে বিএনপি’র স্থায়ীকমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আবারও দৃঢ়তার সাথে বলেছেন, বর্তমান সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন জাতীয় দাবী। এ দাবি জনগণ অবশ্যই আন্দোলনের মাধ্যমে আদায় করে নেবে।

তবে, আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ আগের মতোই স্পষ্ট করে বলেছেন,  নির্বাচন হবে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে।

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালাবেন না। শেখ হাসিনার ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির আন্দোলন প্রতিহত করবে আওয়ামী লীগ।

আজ সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা চায় না বাংলাদেশ সফল রাষ্ট্র হোক। তারা চায় বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হবে না। নির্বাচন কমিশনের অধীনেই ভবিষ্যতে জাতীয় নির্বাচন হবে। আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।