আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i114614-আওয়ামী_লীগ_জলের_স্রোতে_ভেসে_আসা_কোনো_দল_নয়_কাদের
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলিতে ব্যাপক জনসম্পৃক্ততাকে তুড়ি মেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে, এমনটি যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়। এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৭, ২০২২ ১৫:১৫ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলিতে ব্যাপক জনসম্পৃক্ততাকে তুড়ি মেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে, এমনটি যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়। এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়।’

আজ (সোমবার) তাঁর বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ‘অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি আরেকটি ওয়ান-ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে, বাংলাদেশে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনো হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘দুনিয়ার কোথাও যা নেই তা নিয়ে কেন বিএনপি অহেতুক বিতর্কের সৃষ্টি করে, সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে; পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো, জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।’

সরকারের এই মুখপাত্র মনে করিয়ে দেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উচ্চ আদালত, এটি আওয়ামী লীগ সরকারের কোন সিদ্ধান্ত নয়, ২০৪১ সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না, তা একমাত্র আল্লাহ ও দেশের জনগণ জানেন।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল।’ আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না। ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি।’

বিএনপিকে একটি অকৃতজ্ঞ দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের নেত্রীকে নির্বাহী আদেশে মুক্ত করে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই মানবিকতা ও কৃতজ্ঞতাবোধও তাদের নেই।’

বিএনপি নেতাদের কথায় কথায় সবার পদত্যাগ ও মুখে গণতন্ত্রের কথা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘যাদের দলের অভ্যন্তরেই গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে?’

রুহুল কবির রিজভী

'উত্তাল জনস্রোত দেখে নেতামন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে'

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনগণের বাঁধভাঙা উত্তাল স্রোত দেখে সরকারের নেতামন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে। আমাদের মাত্র দু'টি গণসমাবেশ দেখেই বিনাভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন।

রাজধানীর নয়াপল্টনে আজ (সোমবার) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘পৃথিবীতে সম্ভবত হাছান মাহমুদ সাহেবই একমাত্র তথ্যমন্ত্রী, যিনি সঠিক তথ্যকে টিনের বাক্সে তালা দিয়ে অসত্য তথ্য সম্প্রচার করেন। কেবল বাংলাদেশ নয়, বিশ্ববাসী, পত্র-পত্রিকা, গণমাধ্যম-সোশ্যাল মিডিয়ায় দেখেছে, জনসভাস্থল ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল সরকার পতনের দাবিতে ঘর ছেড়ে আসা মানুষের ঢল। কেবল দেখতে পাননি হাছান মাহমুদ। আমরা রাতকানা শুনেছি, কিন্তু এই প্রথম দিনকানা লোক দেখলাম।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনাদের  যদি এতোই  জন্সমর্থন থেকেই থাকে, তবে নিশিরাতে ভোট ডাকাতি কিংবা প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট করতে হয় কেন? ভোটের দুই তিন মাস আগে থেকে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেন কেন, অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেন কেন, গুম ও ক্রসফায়ায়ের আশ্রয় নেন কেন? পরিস্থিতি উপলব্ধি করে আপনারা নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। তা না হলে গণঅভ্যুত্থান আসন্ন।

রিজভী বলেন, গত ১৪ বছর ধরে সীমাহীন নির্যাতন নিপীড়নের শিকার মানুষ সর্বশক্তি নিয়ে সারা দেশে জেগে উঠেছে। গুম খুন অপহরণ, হামলা, মামলা জুলুম করে এতদিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছিল। জনগণ আর ঘরে বসে বসে মাফিয়া সরকারের হাতে অসহায়ের মতো জানমাল হারা হতে চায় না। জনগণ এবার আটঘাট বেঁধে শেষ প্রস্তুতি নিয়েই সকল বাধার বিন্ধ্যাচল উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। তারা গগনবিদারী স্লোগান তুলেছে, ‘হঠাও মাফিয়া, বাঁচাও দেশ- টেক ব্যাক বাংলাদেশ।’

জ্বালানী সংকট প্রলসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘তাদের উন্নয়ন ভেসে গেছে বঙ্গোপসাগরে। ১৪ বছর দেশ চালিয়ে এখন  ভেন্না গাছের  কেচ্ছা  শোনাচ্ছে। এখন তাদের বাচাল গল্পবাজ মন্ত্রীরা আর ইউরোপ-আমেরিকা-সিঙ্গাপুরের বা রোল মডেলের গল্প শোনায় না।

রিজভী বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন স্বীকার করছেন, দেশ সংকটের দিকে যাচ্ছে। সামনের পরিস্থিতি খারাপ। রিজার্ভ সংকট, ডলার নাই, তাই তেল-গ্যাস আমদানি করা যাচ্ছে না!#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।