দল হিসেবে জামায়াতের বিচারে আইনের সংশোধনী সংসদে তোলা হচ্ছে শিগগিরই: আইনমন্ত্রী
-
আইনমন্ত্রী
দল কিংবা সংগঠন হিসেবে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের সংশোধনী শিগগির জাতীয় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার ঢাকায় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের এক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে, সরকার সেটি পর্যবেক্ষণ করবে।
জামায়াতের নিবন্ধন নিয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করতে সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে। তবে দল হিসেবে জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। সেই আইন সংশোধনের প্রস্তাবনা ইতোমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, এখন প্রশ্ন হচ্ছে অন্য নাম নিয়ে নিবন্ধন নিতে তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা একটা বিচারাধীন বিষয়। তিনি দেখতে চান নির্বাচন কমিশন এটা কীভাবে হ্যান্ডেল করে।
ঢাকায় সচিবালয় অপর এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকজন ভিন্ন খোলসে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে তা নির্বাচন কমিশনের নজরে আসবে। মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে যেকোনো রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। সেটিকে নিবন্ধন দেওয়া বা না দেওয়া নির্বাচন কমিশনের এখতিয়ার। আর জামায়াতের লোকজন যদি ভিন্ন খোলসে আবেদন করেন, নিশ্চয়ই তা নির্বাচন কমিশনের নজরে আসবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখবে।#
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।