আমদানীকারক ও ডিলারদের মনিটরিং এবং সামাজিক নিরাপত্তার পরিধি বাড়াতে হবে: ক্যাব
https://parstoday.ir/bn/news/bangladesh-i115094-আমদানীকারক_ও_ডিলারদের_মনিটরিং_এবং_সামাজিক_নিরাপত্তার_পরিধি_বাড়াতে_হবে_ক্যাব
জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতোমধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
অক্টোবর ২৮, ২০২২ ১৬:৩২ Asia/Dhaka

জ্বালানি তেল ও খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দেশে ইতোমধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে চোখ রাঙাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।

একেক সময় একেক অজুহাত তুলে বিক্রেতারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশের বিভিন্ন বাজারে আবারো বেড়েছে চাল, ডাল, মুরগির মাংস ও ডিমের দাম।

শীতকে সামনে রেখে যেখানে সবজির বাজার দর খানিকটা কম হওয়ার কথা ছিল সেখানেও  নেই কোন সুখবর।

চিনির বাজার নিয়ন্ত্রণে সরকার দাম বেঁধে দিলেও সরেজমিনে গিয়ে দেখা যায় বাজারে চিনি পাচ্ছেন না ক্রেতারা। অবশ্য বিক্রেতাদের রয়েছে নানা অজুহাত।  রাজধানীর শান্তি নগর কাঁচাবাজারে কথা হয় বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে। রেডিও তেহরানকে তারা জানিয়েছেন তাদের মিশ্র-প্রতিক্রিয়া।  ক্রেতা নাসরিন সুলতানা, পেশায় একজন ব্যাংকার। এসেছেন চিনি কিনতে দোকানী তাকে বলে দিয়েছেন বাজারে চিনি নেই। কারণ জানতে চাইলে দোকানদার আকবর রেডিও তেহরানকে বলেন, সরকার চিনির যে দাম বেধে দিয়েছে সেই দামে ডিলারদের কাছ থেকে চিনি পাওয়া যায় না। আবার তারা যে বেশি দামে চিনি দিচ্ছে তারও কোন স্লিপ তারা দিবে না। এমন অবস্থায় বেশি দামে চিনি কিনে বেশি দামে বিক্রি করা খুব ঝুঁকিপূর্ণ। তাই তারা দোকানে চিনি বিক্রি বন্ধ রাখছেন। যদিও এসব সংকটময় পরিস্থিতিতে কষ্ট লাঘবে দেশের নিম্ন আয়ের প্রায় এককোটি মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ টিসিবি। কিন্তু সরকারের এই সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিধি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট নাজির হোসাইন। রেডিও তেহরানকে তিনি বলেন, ব্যবসায়ীদের কাছে জিম্মি হলে চলবে না। তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

সিন্ডিকেটের কারসাজি বাজার সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে তাদের অজুহাতের শেষ নেই। তারা একেক সময় একেক অজুহাত দাঁড় করায়। তারা খাদ্যে ভেজালও দেয়। এই চিত্র বদলাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানোর পরামর্শ  ক্যাবের ভাইস প্রেসিডেন্টের।  তিনি রেডিও তেহরানকে আরো বলেন, সরকারের নিয়মিত বাজার মনিটরিং সমন্বিতভাবে করতে হবে। কারণ দেশের অসহায় জনগণকে জিম্মি করে অসাধু ব্যবসায়ীরা পকেট কাটবে এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ব্যাপারে সরকারের কার্যকর কঠোর উদ্যোগই কেবল পারে জনগণতে হয়রানি ও দুর্ভোগ থেকে মুক্তি দিতে। এমন মন্তব্য বাজার বিশ্লেষক নাজির হোসাইনের। #

পার্সটুডে/নিলয় রহমান/  রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।