বিএনপি কাল থেকে দেখবে জনসমুদ্র কাকে বলে; ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i115096-বিএনপি_কাল_থেকে_দেখবে_জনসমুদ্র_কাকে_বলে_ওবায়দুল_কাদের
জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০২২ ১৬:৪২ Asia/Dhaka
  • বিএনপি কাল থেকে দেখবে জনসমুদ্র কাকে বলে; ওবায়দুল কাদের

জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির তিনটা সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপা-কাঁপি শুরু হয়ে গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে, শুক্রবার সকালে নিজ বাসভবনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে দশ লাখের টার্গেট করে এক লাখ লোকও হয়নি, আবার কোথাও পাঁচ লাখ টার্গেট করেও ৫০ হাজার লোকের সমাগম করতে পারেননি তারা। তবে আগামীকাল থেকে বিএনপি দেখবে জনসমুদ্র কাকে বলে।

এদিকে, তথ্যসম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্বচোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন। সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, চোরের মায়ের বড় গলা প্রবাদের মতো এখন বিশ্বচোরদেরও গলা বড়। বিএনপি দেশকে চারবার একক ও একবার যৌথভাবে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বচোর উপাধি পেয়েছিল। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হচ্ছে, এখন সেই বিশ্বচোরদের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।

হাছান মাহমুদ বলেন, বিএনপির শেষ সময় ২০০৬ সালে রিজার্ভ ছিল ৩ দশমিক ৪৬ বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে তিন বিলিয়নেরও কম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সেটি ৪৪ বিলিয়নে উন্নীত করেছেন। এখন বিশ্ব পরিস্থিতি, নানা ধরনের বিনিয়োগ এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে তা ৩৭ বিলিয়নে নেমে গেছে। এরপরও বিএনপির সময়ের তুলনায় ১২ গুণ বেশি রিজার্ভ রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।