সরকারের পতন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি: জহির উদ্দিন স্বপন
https://parstoday.ir/bn/news/bangladesh-i115136-সরকারের_পতন_পর্যন্ত_আন্দোলন_চালিয়ে_যাবে_বিএনপি_জহির_উদ্দিন_স্বপন
পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে আগামী ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে তারা। ফলে রাজনীতির মাঠ ক্রমশ অস্থির হয়ে উঠছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ১৫:২৪ Asia/Dhaka

পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে আগামী ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছে তারা। ফলে রাজনীতির মাঠ ক্রমশ অস্থির হয়ে উঠছে।

বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে, নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন সরকারি দল রাজনীতির মাঠে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। আর সেই আক্রমণ থেকেই দেশে সহিংসতা বাড়ছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারা বলছেন, বিরোধীমত দমনের কোনো ইচ্ছে তাদের নেই। তারা সব সমাবেশের অনুমতি দিচ্ছে বলেই বিএনপি সমাবেশ করতে পারছে।

এ প্রসঙ্গে বিএনপি মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন রেডিও তেহরানকে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার এখন দলীয় কর্মী ও পুলিশ দিয়ে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ ও হামলা করাচ্ছে। বিরোধীদল যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্যই সরকার রাজনীতির মাঠ খালি করতে এমন সহিংস আচরণ শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব মোকাবেলা করেই সরকার পতন হওয়া পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে রেডিও তেহরানকে জানান জহির উদ্দিন স্বপন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী রেডিও তেহরানকে বলেন, বর্তমান রাষ্ট্রক্ষমতায় থাকা সরকার বৈধপন্থায় ক্ষমতায় আসেনি। তাই তাদের কাছ থেকে সুস্থ ও স্বাভাবিকভাবে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর আশা করা যায় না। সেকারণে রাষ্ট্রের আচার ভুলে বিরোধীমত দমনে তারা উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেন অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী। তবে পরিস্থিতি এমন চলতে থাকলে দেশের সার্বিক পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য এই রাষ্ট্রবিজ্ঞানীর। #

পার্সটুডে/নিলয় রহমান/'আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।