ছাত্রলীগের ঢাকা মহানগর সম্মেলন
বিশৃঙ্খলায় ক্ষুদ্ধ ওবায়দুল কাদের; মঞ্চ ছাড়লেন আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা
-
ওবায়দুল কাদের
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে আয়োজকদের প্রতি ক্ষুব্ধ হয়ে মঞ্চ ছেড়েছেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা। এরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
এছাড়া বক্তব্য দেওয়ার সুযোগ পাননি আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও দিতে পারেননি তার বক্তব্য।
জানা যায়, ঢাকা মহানগরের এই সম্মেলন সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে শুরু হয় অনুষ্ঠান। এরপরে দীর্ঘ এক ঘণ্টায় মহানগরের বিদায়ী কমিটির চার নেতা বক্তব্য দেন। এসময় ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ঘোষণা করেন 'এখন বক্তব্য রাখবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির'। কিন্তু শুক্রবার হওয়ায় জুমার নামাজের কারণে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দেন। এ সময় ব্ক্তব্য দিতে না পেরে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা মঞ্চ ত্যাগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের শীর্ষ নেতাদের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনার খাঁটি কর্মীরা বিশৃঙ্খলা করে না। সব নেতা মঞ্চে, তাহলে কর্মী কারা? ওবায়দুল কাদের বলেন, শৃঙ্খলা, সময়জ্ঞান ও সিনিয়রদের মূল্যায়নবোধ যাদের মধ্যে নেই তারা কি করে ছাত্রলীগের নেতা হয়?
এসময় বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে—খবর আছে। আমাদের কাছে খবর আছে—বস্তায় বস্তায় টাকা আসে বিদেশ থেকে, টাকা আসে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে। ডিসেম্বরে খেলা হবে।’
তারেক সিঙ্গাপুরে টাকা পাচার করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে পাচারের বিরুদ্ধে। এখনও যারা পাচার করছে—খবর আছে। যারা পাচার করছেন, শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।’
বিএনপির উদ্দেশে কাদের আরও বলেন, ‘আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়। পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে, সেই জায়গা আপনাদের পছন্দ নয়।’#
পার্সটুডে/নিলয় রহমান/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।