মেট্রোরেলের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে নিয়ে দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ে মেট্রোরেল
-
মেট্রো রেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানী ঢাকাবাসীর জন্য আজ (বুধবার) বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এক অনুষ্ঠানে মেট্রোরেলের ফলকের রেপ্লিকা উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
ফলক উন্মোচনের পর পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়ার মাধ্যমে মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলা ২টার দিকে প্রথম যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে টিকেট কেটে চড়েন বহু আকাঙ্ক্ষিত এ রেলে। প্রধানমন্ত্রীর ছোটবোন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের বিভিন্ন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এরপরই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁওয়ের উদ্দেশে বেলা দেড়টার দিকে হুইসেল দিয়ে ছেড়ে যায় স্বপ্নের মেট্রোরেল। ২টা ১১ মিনিটে আগারগাঁও স্টেশনে পৌঁছায় মেট্রোরেল। সেখানে পৌঁছানোর পর মেট্রোরেল থেকে হাসিমুখে নেমে আসেন প্রধানমন্ত্রী ও অন্য যাত্রীরা।
মেট্রোরেলকে বাংলাদেশের উন্নয়ন, অগ্রযাত্রার আরেকটি পালক হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজকে আমরা বাংলাদেশের অহংকারের আরেকটি পালক সংযোজন করতে পারলাম।’
আগামীকাল বৃহস্পতিবার থেকে যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন। আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল।
এদিকে গতকাল (মঙ্গলবার) রাজধানীতে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ মার্চ থেকে মেট্রোরেল সব স্টেশনে থামবে। তবে শুরুতে মেট্রোরেল রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। মাঝখানে কোনো স্টেশনে থামবে না। শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকছে না। মুক্তিযোদ্ধারা বিনা মূল্যে যাতায়াত করতে পারবেন। পঙ্গুদের জন্য ছাড় আছে।#
পার্সটুডে/বাবুল আখতার/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।