ওবায়দুল কাদের বললেন
'বিএনপির পদযাত্রা আগামী মরণযাত্রা, আর নির্বাচনেই হবে তাদের রাজনৈতিক মরণ'
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় কাদের বলেন, নির্বাচন পর্যন্ত জনগণের শক্তি নিয়েই মাঠে থাকবে আওয়ামী লীগ।
এসময় বক্তৃতায় কাদের বলেন, আওয়ামী লীগকে সরিয়ে দেয়ার দিবাস্বপ্ন দেখে লাভ নেই। জনগণের শক্তি নিয়ে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এসময় বিএনপির পদযাত্রা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, তাদের মরণযাত্রা শুরু হয়েছে। আগামী নির্বাচনেই হবে বিএনপির রাজনৈতিক মরণ। বিএনপি আন্দোলনের নামে একতরফা মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস, মানুষের পাশে থাকার ইতিহাস। মানুষের পাশে আছি, নির্বাচনে জিতলেও আছি, নির্বাচনে হেরে গেলেও আছি। হার-জিত আল্লাহ পাকের ইচ্ছা। জনগণের ইচ্ছা। জনগণ চাইলে আমরা নির্বাচিত হব। আর জনগণ না চাইলে ২০০১ সালের মতো আমরা বিদায় নেব। এটাই তো আওয়ামী লীগের রাজনীতি। #
পার্সটুডে/নিলয়/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।