'প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় সেনা পাঠানো হবে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i11971-'প্রয়োজনে_কাবা_শরীফ_ও_মসজিদে_নববী_রক্ষায়_সেনা_পাঠানো_হবে'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে জানিয়েছেন, প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠানো হবে। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৩, ২০১৬ ১৫:৫৫ Asia/Dhaka
  • মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা
    মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভাকে জানিয়েছেন, প্রয়োজনে কাবা শরীফ ও মসজিদে নববী রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে পাঠানো হবে। তবে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ (সোমবার) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এই বিষয়টি অবহিত করেন। আজকের মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত ৩ থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের বিষয়টি আজকের বৈঠকে মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়েছে। সফরকালে সৌদি বাদশাহ’র সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও দেশটির ৯ জন মন্ত্রী এবং বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দের সাথে সভা করেন প্রধানমন্ত্রী।

সৌদি আরব সফরকালে বিনিয়োগের ক্ষেত্রে সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান শফিউল আলম।

নারী শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যেতে পারবেন উল্লেখ করে তিনি বলেন, আগে নারী শ্রমিক একা যেতেন, এখন পরিবারের সদস্য বাবা, ভাই বা স্বামী যেতে পারবেন। এতে পারিবারিক পরিবেশে তারা থাকতে পারবেন। আর একটা সমস্যা ছিল, একজন শ্রমিক যে এলাকায় বসবাস করেন সে এলাকায় কাজ করতে হবে, ওই কোম্পানির সাথে কাজ করতে হবে, ট্রান্সফারের কোনো সুযোগ ছিল না।

প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে ট্রান্সফারটা উন্মোচিত হয়েছে। এখন যে কোন শহরে তারা যেতে পারবে এবং অন্য কোম্পানিতে কাজ করতে পারবে। এই সুবিধাগুলো তৈরি হয়েছে।”

আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। নতুন এই আইনের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় ঢাকায় বিএনসিসি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩