বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
-
প্রধানমন্ত্রী
ঈদের আগে এমন একটা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যে কষ্ট-কান্না, তা সহ্য করা যায় না। তাদের যতটুকু পারা যায় সাহায্য করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে গণভবনে পদ্মা সেতুর সরকারি ঋণের দুই কিস্তি পরিশোধের চেক বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এর আগে আগুনের ঘটনার পর এখানে সুপরিকল্পিত মার্কেট করার প্রকল্প গ্রহণ করা হয়েছিলো। তখন বেশ কিছু লোক বাধা দেয়ার সাথে একটা রিটও করে। পরে হাইকোর্ট এটাকে স্থগিত করে দেন। তিনি বলেন, সে সময় যদি এটা স্থগিত না করা হতো, তাহলে এখানে একটা ভালো মার্কেট তৈরি হয়ে যেত। তাহলে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতো না। এ সময় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ফায়ার সার্ভিসের উপর হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া নিবারণে পানি ছিটিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। অপরদিকে অগ্নিকাণ্ডের দ্বিতীয় দিনেও উৎসুক জনতার ভিড় বঙ্গবাজার এলাকায়।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।