খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে ফায়দা লুটতে চায় বিএনপি: তথ্যমন্ত্রী
অন্যায়ভাবে খালেদা জিয়াকে চিকিৎসা সেবা বঞ্চিত করছে সরকার: অভিযোগ আমির খসরুর
-
আমির খসরু
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসা সেবা বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার দুপুরে রাজধানী ঢাকার গুলশান বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিকিৎসার বিষয় নিয়ে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে অন্যায় করা হচ্ছে । এর আগে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।
আমির খসরু বলেন, বারবার বলার পরও খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ বারবার অগ্রাহ্য করছে সরকার। যার কারণে ওনাকে দেশের চিকিৎসার মধ্যে সীমিত থাকতে হচ্ছে। অথচ দেখা যাচ্ছে এই দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের রাজনীতিক নেতা ও কর্মীরা পর্যন্ত বিদেশে চিকিৎসা নিচ্ছে। কিন্তু খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, এসবের উদ্দেশ্য একটাই, খালেদা জিয়াকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে রেখে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করা। খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে আবারও ক্ষমতা দখল করার চেষ্টার প্রতিবাদে দেশের মানুষ জবাব দেবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, খালেদা জিয়াকে অসুস্থ দেখানো বিএনপির পরিকল্পনারাই একটি অংশ। আজ রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারা বলেছিল, খালেদা জিয়াকে যদি বিদেশ নেওয়া না হয়, তাহলে তার জীবন শঙ্কায় পড়বে। সেটি বলার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে ভালো হচ্ছেন এবং তিনি খুব ভালো আছেন। বিএনপির আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা ও দেখানো। আর রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যেই বিএনপি সেটা সব সময় করে আসছে বলে দাবী করেন তথ্যমন্ত্রী। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।