ফয়জুল্লাহকে ক্রসফায়ার: ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধ’: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i12340-ফয়জুল্লাহকে_ক্রসফায়ার_ঘটনা_আড়াল_করতেই_বন্দুকযুদ্ধ’_রিজভী
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের আসল ঘটনা আড়াল করতেই মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে থাকা গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৬ ১১:৩৪ Asia/Dhaka
  • ফয়জুল্লাহকে ক্রসফায়ার: ঘটনা আড়াল করতেই ‘বন্দুকযুদ্ধ’: রিজভী

জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের আসল ঘটনা আড়াল করতেই মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে থাকা গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ(শনিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আসল ঘটনা আড়াল করতেই ফাইজুল্লাহকে ক্রসফায়ার দেয়া হয়েছে, এতে প্রমাণিত হয় উগ্রবাদী চক্রের সঙ্গে সরকার জড়িত।

মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যার সময় হাতেনাতে আটক হয় গোলাম ফায়জুল্লাহ ফাহিম। গতকালই তাকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

আজ (শনিবার) সকালে মাদারীপুরের বাহাদুর এলাকার মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন দাবি করেছেন, সকালে সদর থানার মিয়ারচর এলাকায় পুলিশ ফয়জুল্লাহকে নিয়ে অভিযানে যায়। এসময় ফয়জুল্লাহর সহযোগীরা সেখানে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এ সময় ফয়জুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে ফয়জুল্লাহ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোরশেদ জানান, ফাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাচেষ্টায় জড়িত আরও পাঁচজনের নাম বলেন।

ফাহিমসহ ওই ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা করে পুলিশ। বাকি পাঁচ আসামি হলেন- সালমান তাসকিন, শাহরিয়ার হাসান, জাহিন, রায়হান ও মেজবাহ।

ফাহিম উত্তরার দক্ষিণ খানে তার পরিবারের সঙ্গে থাকতেন। তারা বাবা একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা, মা গৃহিনী। ফাহিম গত ১১ জুন সকালের পর থেকে নিখোঁজ বলে দক্ষিণখান থানায় তার বাবা গোলাম ফারুক একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপর বুধবার মাদারীপুরে ধরা পড়ার পর সন্তানের খবর পান ফারুক। তবে ফাহিমের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি।

গত বুধবার বিকেলে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় ফায়জুল্লাহ ফাহিমকে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয় লোকজন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৮