ক্ষমতায় আওয়ামী লীগ থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধুলিস্যাৎ করেছিল দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ যখন সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আজকে সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মর্যাদাশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ, যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল যারা স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না, তারা এদেশকে ধ্বংস করবে। তাই তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আপনাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, তৃণমূল পর্যায় পর্যন্ত দিয়েছে স্বাস্থ্যসেবা।
শেখ হাসিনা বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। গ্রামপর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন দিয়েছি। বাংলাদেশের মানুষ এখন প্রযুক্তি ব্যবহার করছে, হাতে হাতে মোবাইল ব্যবহার রয়েছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ আরও উন্নত সমৃদ্ধ হবে।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি গড়ে উঠবে বাংলাদেশের। তাই কল্যাণ চিন্তা করে সবাইকে কাজ করার আহবান জানান তিনি। #
পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/২৩