ইরানের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত: দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
https://parstoday.ir/bn/news/bangladesh-i125342-ইরানের_প্রেসিডেন্টের_সাথে_বাংলাদেশের_রাষ্ট্রদূতের_সাক্ষাত_দ্বিপক্ষীয়_চুক্তি_বাস্তবায়নের_ওপর_গুরুত্বারোপ
ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মনজুরুল করিম খান চৌধুরী আজ (০৯ জুলাই ২০২৩) ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসী’র কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এ খবর জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০২৩ ১৯:৩৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাত: দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ

ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মনজুরুল করিম খান চৌধুরী আজ (০৯ জুলাই ২০২৩) ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রপতি ড. সাইয়্যেদ ইব্রাহিম রাইসী’র কাছে পরিচয়পত্র পেশ করেছেন। তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস এ খবর জানিয়েছে।

পরিচয়পত্র পেশ করার পর উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাকালে ইরানের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ইরানে রাষ্ট্রদূত হিসেবে তাঁর কার্যক্রমের সাফল্য কামনা করেছেন। বাংলাদেশ ও ইরানের মধ্যেকার ঐতিহাসিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের কথা উল্লেখ করে  দু’দেশের মধ্যে রাজনৈতিক, বাণিজ্য, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আশবাদ ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে তাঁদেরকে ইরান সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করে ইরানের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ইরান  জ্বালানী, প্রযুক্তি, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতি খাতে যৌথভাবে কাজ করলে উভয় দেশই লাভবান হবে।

এ সাক্ষাতে, ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসীর কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। তিনি ইরানে তাঁর অবস্থানকালে  ‍দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর করার জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত জনাব মনজুরুল করিম খান চৌধুরী উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ ও অর্থবহ করতে ব্যবসা-বাণিজ্য ও  অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশ হতে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন ইস্যুতে ইরান ও অন্যান্য মুসলিম দেশগুলোর সহযোগিতা কামনা করেন  এবং এ ব্যাপারে ইরানকে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।  

আলোচনায় বাংলাদেশ ও ইরানের মধ্যে বিভিন্ন সময় স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তিগুলো বিশেষ করে (Preferential Trade Agreement) কার্যকর করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয় যা দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসারে সহায়তা করবে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।