কমিশনের নির্বাচনের প্রস্তুতির বিস্তারিত জানলো ইইউ প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল
https://parstoday.ir/bn/news/bangladesh-i125416-কমিশনের_নির্বাচনের_প্রস্তুতির_বিস্তারিত_জানলো_ইইউ_প্রাকনির্বাচনী_পর্যবেক্ষক_দল
অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২৩ ১৩:৪৩ Asia/Dhaka
  • কমিশনের নির্বাচনের প্রস্তুতির বিস্তারিত জানলো ইইউ প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল

অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল।

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ইইউ'র প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চেলেরি। আর নির্বাচন কমিশন জানিয়েছে নিরপেক্ষ পর্যবেক্ষক পাঠালে কোন আপত্তি নেই। এদিকে, ইলেকশন মনিটরিং ফোরাম বলছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠকে করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং আরো দুই নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো চিলেরি সাংবাদিকদের বলেন, নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যালোচনা শেষে তারা ইইউ’এর উচ্চ পর্যায়কে জানাবেন। এরপর নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আর নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ইসি সক্ষমতা নিয়ে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আলাপ হয়েছে। এর আগে, গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইলেকশন মনিটরিং ফোরাম। পরে সাংবাদিকদের বিস্তারিত জানান ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে জানান তিনি। #

পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।