আবারো ক্ষমতায় যেতে রাষ্ট্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ: অভিযোগ ফখরুলের
https://parstoday.ir/bn/news/bangladesh-i126568-আবারো_ক্ষমতায়_যেতে_রাষ্ট্রকে_ব্যবহার_করছে_আওয়ামী_লীগ_অভিযোগ_ফখরুলের
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকারের ওপর বিদেশিদের চাপ আছে, তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৮, ২০২৩ ১৩:০৯ Asia/Dhaka
  • আবারো ক্ষমতায় যেতে রাষ্ট্রকে ব্যবহার করছে আওয়ামী লীগ: অভিযোগ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন সরকারের ওপর বিদেশিদের চাপ আছে, তাই আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ভদ্র সাজার চেষ্টা করছে।

আজ (মঙ্গলবার) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে তাই, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করে জনগনকে বোকা বানানোর চেষ্টা করছে।

সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য কালো আইন ডিজিটাল সিকিউরিটি আইনটি পুরোপুরি বাতিল করতে হবে। কারণ এটি গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী একটি আইন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও মতপ্রকাশের ক্ষেত্রে সব সময় নিয়ন্ত্রণ করেছে। কিন্তু বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে এখন তারা বাকশাল কিংবা একদলীয় শাসন বলতে পারছে না। তাই ওপরে মোড়কটা পরিবর্তন করে বিদেশিদের সন্তুষ্ট রাখার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

গণভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি যেন নির্বাচন করতে না পারে তার সব রকমের ব্যবস্থা সরকার করছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে আটকে রাখা, রাজনৈতিক দল হিসেবে বিএনপির যেসব অধিকার রয়েছে তা থেকে বিরত রাখা।

মির্জা ফখরুল দাবি করে বলেন, ক্ষমতাসীন আওয়ামীলীগ আগামী নির্বাচনে আবার ক্ষমতায় যাওয়ার পথকে প্রশস্ত করতে রাষ্ট্রকে ব্যবহার করছে।

মির্জা ফখরুল আরো অভিযোগ করে বলেন, সরকার অনৈতিক, অসাংবিধানিক, বেআইনি ফরমায়েশি রায় দিয়ে বিরোধী রাজনীতিকে নির্মূল করার নীল নকশা বাস্তবায়ন করছে। এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৮