আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়ন নিয়ে ভাবেনি অন্যকোনো সরকার: শেখ হাসিনা
বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দেয়ার লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়, আরও ২২ হাজার ১০১টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর নকশা বাস্তবায়নে, তাঁর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় জমিসহ আরও ২২ হাজার ১০১টি বাড়ি বিতরণ অনুষ্ঠানে, সকালে গনভবন থেকে ভার্চুয়ালি কয়েকটি জেলার সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় আরও ১২টি জেলা ও ১২৩ টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন তিনি।
বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন, সেসব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
আওয়ামী লীগ সব সময় সৃষ্টিতে বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ছাড়া কেউই দেশকে নিয়ে ভাবেনি। সবাই লুটপাট আর দুর্নীতিতে নিমজ্জিত ছিল।
এরপর প্রধানমন্ত্রী ভূমিহীনদের উদ্দেশে বলেন, যারা ঘর পেয়েছেন তারা ঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। ঘরগুলোকে যত্ন করতে হবে। এখন ডেঙ্গু দেখা দিয়েছে, কোথাও যেন পানি জমে না থাকে। মশার প্রজনন কেন্দ্র যেন না হয় সেদিকে খেয়াল রাখার পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারেও সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৯