ডেঙ্গু পরিস্থিতি: অসাবধানতায় বাড়ছে রোগীর মৃত্যু
বাংলাদেশে ডেঙ্গু এখন জাতীয় জনস্বাস্থ্য দুর্যোগ, বলছেন বিশেষজ্ঞরা
বৈশ্বিক করোনা মহামারির পর বাংলাদেশে ডেঙ্গু এখন জাতীয় জনস্বাস্থ্য দুর্যোগ হিসাবে দেখা দিয়েছে। এডিস মশাবাহিত রোগটিতে প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত ও মারা যাচ্ছেন। দেশে প্রায় দুই যুগ ধরে ডেঙ্গু চোখ রাঙালেও যেন দেখার কেউ নেই। এবার অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর মিছিল নতুন ইতিহাস গড়েছে।
গত আট মাসে এ রোগে প্রায় দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু ছাড়িয়েছে ৭০০। এরপরও সরকার ও স্বাস্থ্য বিভাগের দায়সারা কার্যক্রমে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জনস্বাস্থ্যবিদরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় ডেঙ্গুতে প্রাণহানি, চিকিৎসা ব্যয় মেটাতে অর্থনৈতিক ক্ষতি ছাড়াও মানসিক চাপ বাড়ছে। এতে দেশের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। ডেঙ্গু শহর ছেড়ে গ্রামেও ছড়িয়ে গেছে। দুর্বল জনস্বাস্থ্য ব্যবস্থাপনার কারণেই রোগটিতে প্রতিদিন অংসখ্য মানুষের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। এমন বাস্তবতায় কারও পরিবারে ডেঙ্গু শনাক্ত হলেই আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ডেঙ্গুসহ যে কোনো রোগের চিকিৎসা নেওয়া একশ্রেণির মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে এত প্রচার প্রচারণার পরেও ডেঙ্গুতে আক্রান্তের হার কমছে না কেন, এমন প্রশ্নে শরিয়তপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রোমান জানান রোগিদের অসাবধাবনতায় বাড়ছে সংকট।
বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে প্রাণঘাতী ডেঙ্গুর প্রাদুর্ভাবের চক্রাকার প্রকৃতি হলো-পরিবেশগত, আর্থসামাজিক এবং জনস্বাস্থ্যবিষয়ক বিষয়গুলোর মধ্যে জটিল মিথস্ক্রিয়ার ফল। জলবায়ু পরিবর্তন, দ্রুত নগরায়ণ এবং দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কারণে মশাবাহিত রোগটি স্থানীয়ভাবে প্রকট হয়ে উঠেছে। এবারের ডেঙ্গুর প্রকোপে আক্রান্ত রোগির মস্তিস্ক, ফুসফুস কিডনির ক্ষতি বাড়ছে বলেও জানান ঢাকা মেডিকেলের সাবেক অধ্যক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ খান আব্দুল কালামি আজাদ। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।