জঙ্গিরা সরকারেরই সৃষ্টি, নৈরাজ্য তাদের টিকে থাকার গ্যারান্টি: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
জঙ্গিরা সরকারেরই সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জঙ্গিদের অপতৎপরতার বৈশিষ্ট্যে প্রমাণিত হয়, জঙ্গিরা সরকারেরই সৃষ্টি। বিএনপিসহ বিরোধী দলকে জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর জন্য সরকারই জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী খুনোখুনি করাচ্ছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ডে সরকারি লোকজনের বক্তব্য ও রহস্যজনক ভূমিকায় জনমনে স্পষ্ট হচ্ছে যে, এসব ঘটনা সরকারের অগোচরে হচ্ছে না। সরকার তার অবৈধ সত্তা নিয়ে উদ্বিগ্ন। কখন কী ঘটে যায়, এই আশঙ্কায় সরকার সব সময় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায়। নৈরাজ্য ও অস্থিতিশীলতা সরকারের টিকে থাকার গ্যারান্টি বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, ক্ষমতাসীন রাঘব-বোয়ালরা গোটা দেশকেই গিলে খাচ্ছে। জনগণের ম্যান্ডেট না থাকায় শেখ হাসিনার সরকার জনগণকে শত্রুজ্ঞান করেন। আর সেই কারণেই হত্যা, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যায় দক্ষতা দেখিয়েছেন। পবিত্র রমজানেও প্রধানমন্ত্রী জঙ্গি দমনের নামে পুলিশী অভিযানে নিপীড়ন ও রক্তাক্ত পথ অবলম্বন করেছেন। তার এ ভূমিকা ইতিহাসের সকল নির্দয় শাসকের দৃষ্টান্তকে অতিক্রম করে গেছে।
বিএনপির এই নেতা বলেন, সরকার জঙ্গিবাদ দমনে অভিযান চালালেও উগ্রবাদীদের তৎপরতা কোনো অংশে কমেনি। রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এরআগে, রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়। সরকার জঙ্গিবাদের নেটওয়ার্ক উচ্ছেদে অনাগ্রহী বলেই জঙ্গিরা নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালাচ্ছে। এ সময়, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই সারাদেশে তারা গডফাদার তৈরি করে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ।#
পার্সটুডে/শামস মন্ডল/আশরাফুর রহমান/৩০