ঈদের দিন যারা মানুষ খুন করে তারা ইসলামের কেউ নয়: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i13903-ঈদের_দিন_যারা_মানুষ_খুন_করে_তারা_ইসলামের_কেউ_নয়_প্রধানমন্ত্রী
ঈদের দিন যারা মানুষ খুন করে তারা ইসলামের কেউ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু। তাদের কোনো ধর্ম নেই। মানুষ খুনই তাদের ধর্ম।’
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ০৭, ২০১৬ ১০:১৫ Asia/Dhaka
  • ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী
    ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যারা মানুষ খুন করে তারা ইসলামের কেউ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে, তারা ইসলামের শত্রু। তাদের কোনো ধর্ম নেই। মানুষ খুনই তাদের ধর্ম।’

আজ (বৃহস্পতিবার) গণভবনে ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “রমজান মাসে ইবাদতের সময় যারা হত্যার মিশনে যায় তাদের চেয়ে জঘন্য অপরাধী আর কেউ হতে পারে না। নামাজ না পড়ে মানুষ খুন করা কোন ধরনের ইসলাম? ঈদের জামায়াত শুরুর আগে যারা হামলা চালায় তারা কি আদৌ মুসলমান?”

শেখ হাসিনা জানান, তার সরকার জঙ্গিবাদকে একদমই প্রশ্রয় দেবে না। জঙ্গিবাদ দমনে যা করার, তার সবই করা হবে।

প্রধানমন্ত্রী দাবি করেন, ‘বাংলাদেশের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বিদেশিদের মদদ রয়েছে। এসব হত্যার দায় তাদেরও নিতে হবে।’

এ সময় শেখ হাসিনা পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নিখোঁজ রয়েছেন, তাদের সম্পর্কে সরকারকে তথ্য দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে। কিন্তু কিছু বিপথগামী ইসলামের নামে মানুষ হত্যা করে ইসলামেরই বদনাম করছে।’

সকাল ৯টা থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। সকালেই গণভবনে সাধারণ মানুষের লাইন দেখা যায়। প্রধানমন্ত্রী গণভবনের মাঠে স্থাপিত প্যান্ডেলে আসেন ১০টার দিকে। প্রথমেই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারপর শিশু, বৃদ্ধ, নারী সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭